পুবের কলম, সাগরদিঘি: মালদহে অশান্তির আবহে সাগরদিঘির জনসভা থেকে রাজ্যবাসীকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যে অশান্তি সৃষ্টি করে নির্বাচন বাতিল এবং রাষ্ট্রপতি শাসন জারি করাই বিজেপির মূল লক্ষ্য। এই ‘গেমপ্ল্যান’ রুখতে সাধারণ মানুষকে কোনোভাবেই প্ররোচনায় পা না দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
এদিন সাগরদিঘির সভা থেকে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপিকে নিশানা করে বলেন, “বিজেপি চায় মালদায় নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করতে। এটা ওদের সুপরিকল্পিত গেমপ্ল্যান।
বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা উত্তেজনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর স্পষ্ট বার্তা, প্রতিবাদ করতে হলে তা যেন অবশ্যই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথে হয়। কোনো রকম উসকানিমূলক কাজ বা গুজবে কান না দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানান। আইন নিজের হাতে না তুলে নিয়ে প্রশাসনের ওপর আস্থা রাখার কথা বলেন তিনি, যাতে বিপক্ষ দল কোনো রাজনৈতিক ফায়দা তুলতে না পারে।