মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভুয়ো পিৎজা ডেলিভারির ফাঁদে পড়ে প্রাণ হারালেন তেলেঙ্গানার ২৮ বছর বয়সি যুবক অংশুল কুঞ্চা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং আমেরিকায় বসবাসকারী তেলুগু সম্প্রদায়ের মধ্যে।
পরিবারের দাবি, অংশুল একটি বহুজাতিক সংস্থায় চাকরি করতেন। পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য সপ্তাহান্তে পিৎজা ডেলিভারির কাজও করতেন। গত শনিবার রাতে তিনি একটি ডেলিভারি অর্ডার পান। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতেই তাঁর উপর হামলা চালানো হয়।

অভিযোগ, একটি ভুয়ো অর্ডারের মাধ্যমে তাঁকে নির্জন এলাকায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় একাধিক গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অংশুলের।
পরিবারের দাবি, তাঁর কাছ থেকে কোনও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়নি। ফলে এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় এলাকায় দুই মুখোশধারী ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।


অংশুলের বোনের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁর কথায়, একটি পরিত্যক্ত এলাকায় পিৎজা পৌঁছে দেওয়ার জন্য ডাকা হয়েছিল অংশুলকে। পরে জানা যায়, সেটি ছিল সম্পূর্ণ ভুয়ো অর্ডার। সেখানে কেউ উপস্থিত ছিল না। তাঁর দাবি, শুরু থেকেই এটি ছিল একটি সুপরিকল্পিত ফাঁদ, যার লক্ষ্য ছিল অংশুলকে হত্যা করা।

উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্রে একবার ছিনতাইয়ের শিকার হয়েছিলেন অংশুল।

তবে সেই ঘটনায় তাঁর কিছু জিনিসপত্র খোয়া গেলেও প্রাণনাশের চেষ্টা করা হয়নি।
ঘটনার পর নিউ ইয়র্কে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। এদিকে, ফিলাডেলফিয়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানা যায়নি। তদন্তকারীরা ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবেই খতিয়ে দেখছেন।