পুবের কলম প্রতিবেদক: কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে বহু বিচারপতির পদ শূন্য রয়েছে। বারবার কেন্দ্রের কাছে রাজ্যের তরফে অনুরোধ করা হচ্ছিল, যাতে দ্রুত বিচারপতি নিয়োগ করা হয়। কলেজিয়াম থেকে বেশ কয়েকজনের নামও প্রস্তাব করা হয়েছিল। তাতে সায় দেয়নি কেন্দ্রীয় আইনমন্ত্রক।
তবে অবশেষে তিনজন নয়া বিচারপতি নিয়োগে সম্মতি মিলেছে। সেই সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।আরও পড়ুন:
শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফে নয়া বিচারপতি নিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদ অনুসারে অন্যন্যা বন্দ্যোপাধ্যায়, রাই চট্টোপাধ্যায় এবং শুভেন্দু সামন্তকে আগামী দুবছরের জন্য কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল বিচারপতি হিসাবে নিয়োগ করেছেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এই তিনজনই জুডিশিয়াল অফিসার ছিলেন। কেউই আইনজীবী হিসাবে আদালতে প্র্যাকটিস করতেন না। তবে তাঁদের কেউ নিম্ন আদালতের বিচারক, কেউবা কলকাতা হাইকোর্টের প্রশাসনিক বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টগুলির প্রধান বিচারপতিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই বৈঠকে কলকাতা হাইকোর্টে প্রয়োজনের তুলনায় কম বিচারপতি থাকার বিষয়টি উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে শীর্ষকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, হাইকোর্টগুলিতে বিচারপতি নিয়োগ করা হবে। কলকাতা হাইকোর্টের আইনজীবীরা জানাচ্ছেন, গত বছর অক্টোবর মাসে পাঁচজনকে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন, কেসাং ডোমা ভুটিয়া, সুগত মজুমদার, রবীন্দ্রনাথ সামন্ত, আনন্দকুমার মুখোপাধ্যায় ও বিভাস পট্টনায়ক। তাঁদের মধ্যে কেসাং ভুটিয়া চলতি মাসেই অবসরগ্রহণ করেছেন। কলকাতা হাইকোর্টে মোট ৭২টি বিচারপতির পদ রয়েছে। নতুন তিনজন নিয়োগ হওয়ার পরও শূন্যপদ থাকল ৩১টি।