পুবের কলম ওয়েবডেস্কঃ খারাপ আবহাওয়ার কারণে অবতরণে সমস্যা হয়েছিল মুখ্যমন্ত্রীর বিমানের। প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটার পর অবশেষে বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। এই অবস্থায় ফের ভোট প্রচারের উদ্দেশ্যে বিমানে করে অন্ডাল উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। সেখানে পৌঁছে একাধিক প্রচার সভা করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

নবান্ন সুত্রে জানা গিয়েছে, প্রথমে মমতার অন্ডালে যাওয়ার কথা ছিল সড়কপথে। কারণ বৃহস্পতিবার মাঝ আকাশে আটকে গিয়েছিল মুখ্যমন্ত্রীর বিমান। দীর্ঘক্ষণ ধরে বিমানটি অবতরণ করতে পারেনি। দুপুর ৩ টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে চড়েছিলেন তিনি।

৩ টে ৫৫ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। দুর্যোগপূর্ণ আওহাওয়ার কারণে শেষমেশ বিমান অবতরণ করে ৫ টা ১৮ মিনিটে। ব্যাপক ঝড় বৃষ্টির কারণে এই পরিস্থিতি তৈরি হয়। আজ শুক্রবারও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।
সেই কারণে প্রথমে সড়কপথে অন্ডাল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে সেই সিদ্ধান্ত বদল করেন। জানা যাচ্ছে, আবহাওয়ার উন্নতির কারণেই শেষমেশ বিমানপথেই আজ বিকেলে অন্ডালের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। রাতে সম্ভবত দুর্গাপুরে কাটাতে পারেন। শনিবার রানিগঞ্জে জনসভা করবেন মমতা। তারপরে কলকাতায় ফেরার কথা রয়েছে।