পুবের কলম, ওয়েবডেস্ক: 'শিব শক্তি-ভীম শক্তি' জোট ঘোষণা করে লোকসভা নির্বাচনে লড়াইয়ের ডাক উদ্ধব ঠাকরে ও প্রকাশ আম্বেদকর। প্রকাশ আম্বেদকরের বঞ্চিত বহুজন আঘাড়ির সঙ্গে জোট করলেন উদ্ধব ঠাকরে। গত বছর শিবসেনা দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। ভারতের সংবিধানের খসড়া তৈরি করা ভীমরাও আম্বেদকরের নাতি প্রকাশের সঙ্গে এই নিয়ে সম্প্রতি কথাবার্তা চলছিল। এবার সেই আলোচনা পরিণতি পেল জোট গঠনের মাধ্যমে। সামনেই বড় নির্বাচন বলতে পুরভোট।
সেই নির্বাচনের আগেই আম্বেদকরের দলের সঙ্গে হাত মেলাল শিবসেনার উদ্ধব শিবির। ২০২৪ আগে এই জোট রাজনৈতিক দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ।আরও পড়ুন:
উদ্ধব ঠাকরে বলেন, 'ঠাকরে এবং আম্বেদকর পরিবারের একত্রিত হওয়ার উদ্দেশ্য প্রয়াত বালাসাহেবের প্রচারিত ‘শিব শক্তি-ভীম শক্তি’ জোটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আজ ২৩ জানুয়ারি বালাসাহেব ঠাকরের জন্মবার্ষিকী। আমি খুশি যে মহারাষ্ট্রের বহু মানুষ চেয়েছেন যে আমরা একসঙ্গে হই। প্রকাশ আম্বেদকর এবং আমি আজ এখানে এসেছি জোট করতে।
জোটের ঘোষণা করে উদ্ধব বলেন, আমার ঠাকুর্দা এবং প্রকাশের ঠাকুর্দা সহকর্মী ছিলেন। তাঁরা সেই সময় সামাজিক ইস্যু নিয়ে কাজ করেছেন। ঠাকরে এবং আম্বেদকরের মিলিত ইতিহাস রয়েছে। এবার আজকের ইস্যুগুলো নিয়ে লড়াই করতে চলেছে তাঁদের ভবিষ্যৎ প্রজন্ম। দুই দলের জোট দেশে নতুন রাজনীতির জন্ম দেবে। এই জোটের মাধ্যমে নয়া রাস্তা, নয়া রিস্তা তৈরি হল।আরও পড়ুন:
উদ্ধব সকলের উদ্দেশে আহবান জানিয়ে বলেন, শুধু শিবসেনা এবং ভিবিএ (বহুজন আঘাড়ি) নয়, অন্যান্য দলও জোটে আসুক। এখনও পর্যন্ত আমরা দুই দল আছি। কংগ্রেস এখনও জোটে আসতে সম্মত হয়নি। আশা করি শরদ পাওয়ারও আমাদের সঙ্গে জোট করবেন। কিছুদিন আগে শিবসেনার উদ্ধব শিবিরের এক নেতা বলেছিলেন, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনের আগে শিব শক্তি এবং ভীম শক্তি এক হয়ে যাবে। আজ সেটাই সত্যি হল,
আরও পড়ুন:
প্রসঙ্গত, বালাসাহেব ঠাকরের পিতা প্রবোধঙ্কর ঠাকরকে উৎসর্গ করে বানানো একটি ওয়েবসাইটের লঞ্চ অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করেছিলেন উদ্ধব এবং প্রকাশ। প্রকাশ আম্বেদকর বলেন, শরদ পাওয়ারের সঙ্গে আমার সম্পর্ক সকলের জানা। আমার আশা এই জোটের মাধ্যমে সুদিন আসবে। আম্বেদকর ও ঠাকরে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একত্র হওয়ার আহ্বান জানান।