পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর ঘিরে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। চলতি সপ্তাহের শেষে তাঁর নতুন দিল্লি আসার কথা থাকলেও, সফরসূচি নিশ্চিত হওয়া নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, তাঁর কাছে কোনো নতুন তথ্য নেই। তিনি বলেন, "এ বিষয়ে আমার নতুন কিছু বলার নেই।

যদি কোনো আপডেট আসে, তবে আপনাদের সাথে তা ভাগ করে নেওয়া হবে।"
 
এর আগে শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনের তরফে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে জানানো হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভ্যর্থনা সংক্রান্ত পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবারের 'চেঞ্জ অফ গার্ড' অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।
 এই ঘোষণার পর তৈরি হয় জোর জল্পনা। কিন্তু বিকেলের দিকে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়।
রাষ্ট্রপতি ভবন থেকে আগের বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে একটি নতুন বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, "এই শনিবার কোনো চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না"— সংক্রান্ত শুক্রবারের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে।
 
উল্লেখ্য, গত ২৩ ও ২৪ আগস্ট তারেক রহমানের ভারত সফরের একটি পরিকল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত কিছু অমীমাংসিত ইস্যুতে তা বাস্তবায়িত হয়নি। চলতি মাসের শুরুর দিকে বিদেশ মন্ত্রক জানিয়েছিল, নতুন দিল্লিতে আয়োজিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনের বিশেষ পর্বে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।