পুবের কলম, ওয়েবডেস্ক: ‘স্বপ্নের ভারত গড়তে প্রতিটা ভোটই গুরুত্বপূর্ণ। জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলে, তবেই স্বপ্নের ভারত গড়ার সম্ভব হবে’, বুধবার জাতীয় নির্বাচন কমিশনের এক অনুষ্ঠানে একথা বলেন শচীন তেণ্ডুলকর। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ভারতীয় ক্রিকেটার শচীন তেণ্ডুলকরকে ‘ন্যাশনাল আইকন’ হিসেবে বেছে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে ‘ন্যাশনাল আইকন’ দায়িত্ব দেওয়া হয় ভারতরত্ন তেণ্ডুলকরকে।

নতুন দায়িত্ব পাওয়ার পর বক্তব্য দিতে গিয়ে শচীন বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ড্রেসিংরুমে জড়ো হতাম। ভিন্ন ধর্ম, বর্ণ, সংস্কৃতির ক্রিকেটাররা একত্রিত হতাম।

সেটাই আমাদের শক্তি ছিল। ঠিক তেমনই ভারতের শক্তি হল তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য। গোটা বিশ্বে ভারত কনিষ্ঠতম। তবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এই দেশের মানুষ সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করেন’।

ডেপুটি নির্বাচন কমিশনার মনোজ কুমার সাহু বলেন, ‘ক্রিকেটের প্রতি আপনার ভালবাসা আর আত্মত্যাগই আপনাকে আইকন বানিয়েছে। এবার আপনিই মানুষকে ভোটের প্রয়োজনীয়তা বুঝিয়ে নির্বাচন কমিশনের কাজকে ত্বরান্বিত করবেন’।