পুবের কলম, ওয়েবডেস্ক: ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা। কার নাম রইল, আর কার নাম বাদ গেল—তা নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহল তুঙ্গে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বাঁকুড়ায় এসআইআরের তালিকা জেলাশাসকের দপ্তরে পৌঁছেছে এবং সেখানে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
কমিশনের প্রাথমিক হিসাব বলছে, মোট প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় প্রকাশিত হয়েছে। উত্তর কলকাতায় প্রায় ৪ লক্ষ ৭ হাজার নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে বাঁকুড়াতেও উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
সূত্রের খবর, প্রায় ৬০ লক্ষ নথি এখনও ‘লজিক্যাল অসঙ্গতি’র কারণে অমীমাংসিত অবস্থায় রয়েছে। তথ্যের অমিল, একাধিক নথির দ্বৈততা বা যাচাই সংক্রান্ত সমস্যার জেরে এই বিপুল সংখ্যক আবেদন ঝুলে আছে বলে মনে করা হচ্ছে। চূড়ান্ত তালিকা সম্পূর্ণ প্রকাশ না হওয়া পর্যন্ত রাজ্যের অন্যান্য জেলাগুলির ছবিও স্পষ্ট হবে না। তবে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপত্তি ও সংশোধনের সুযোগ থাকছে।
































