দেবশ্রী মজুমদার, ইলামবাজার: বৈদ‍্যুতিক সরঞ্জাম চুরির ঘটনায় ছয় সন্দেহভাজন ব‍্যক্তির মধ‍্যে এক প্রৌঢ় ব‍্যক্তিকে ধরে ওই ক্লাবের মধ‍্যেই মারধোরের ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসলো প্রশাসন। এব‍্যাপারে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী ঘটনার তদন্তের পাশাপাশি আইনী ব‍্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ইলামবাজার থানার বিলাতি গ্রাম পঞ্চায়েতের শালডাঙা গ্রামে। এলাকা সূত্রে জানা গেছে , এলাকায় বিদ‍্যুৎ দফতরের পড়ে থাকা খুঁটি তৈরির জন‍্য লোহার পাত পড়ে ছিল।

শনিবার রাত্রে লরি নিয়ে বিদ‍্যুৎ দফতরের কর্মীর পরিচয় দিয়ে ওই ছয় ব‍্যক্তি গ্রামে আসে। তারপর সেই বৈদ‍্যুতিক সরঞ্জাম লরিতে তুলতে থাকে। তখন সন্দেহ হওয়ায় গ্রামের মানুষ তাদের কাছে পরিচয় পত্র দেখাতে বললে, তারা তা দেখাতে পারে নি।

তারপর গ্রামবাসীরা তাদের মারধোর করে স্থানীয় ক্লাবে আটকে রাখে।

তারপর পুলিশে খবর দেয়। চুরির দায়ে ধৃত ছয়জনকে স্থানীয় ক্লাবের মধ‍্যে ভরে মারধর করে এলাকার মানুষ জন। অভিযোগ, একজন এস আই পদমর্যাদার আধিকারিক ক্লাবের ভিতরে ধৃতদের মধ‍্যে এক প্রৌঢ়কে লাথি মারে এবং এক সিভিককে লাঠি দিয়ে বেদম মারে। সেই ভিডিও ফুটেজ সামাজিক মাধ‍্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। ধৃতরা হলো সেখ সামিম, সেখ সাহিদুল, সেখ আসাদুল, সেখ সানু, সেখ মিরাজুল, কালামুদ্দিন খান। তাদের বাড়ি বীরভূমের দুবরাজপুরের ছিটগ্রামে।