পুবের কলম ওয়েব ডেস্কঃ এলাকায় অন্নপূর্ণা যোজনার নামে ফর্ম বিতরণ ও সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং দুই বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, ওই ফর্মের মাধ্যমে বাসিন্দাদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করা হচ্ছিল।
রবিবার তৃণমূল কর্মীরা এই কাজের প্রতিবাদ করেন এবং দু’জন বিজেপি কর্মীকে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি। এর পরেই দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে তা দ্রুত উত্তপ্ত পরিস্থিতিতে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মুখে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই বিজেপি কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।আরও পড়ুন:
তৃণমূলের অভিযোগ, রাজ্যে ক্ষমতায় না থেকেও বিজেপি কীভাবে সরকারি প্রকল্পের নাম ব্যবহার করে তথ্য সংগ্রহ করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
তাদের দাবি, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই কারণেই তারা বাধা দিয়েছেন। অন্যদিকে, দুই কর্মীকে আটকের খবর পেয়ে থানায় পৌঁছন বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। তিনি পুলিশের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁর অভিযোগ, তৃণমূলের প্রভাবে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তাঁর দাবি, বিজেপি কর্মীরা নিয়মমাফিক প্রচার চালাচ্ছিলেন, কোনও ফর্ম বিলির ঘটনা ঘটেনি। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। আটক দু’জনকে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।