দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন: এক নাবালিকা আদিবাসী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাঁচ যুবকের বিরুদ্ধে।রবিবার রাতের ঘটনা। অভিযুক্তদের বাড়ি শান্তিনিকেতন থানার তমশুল ডাঙার কাছে পারুলডাঙ্গা গ্রামে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই মর্মে সোমবার শান্তিনিকেতন থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে।

অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীরা।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে,  রবিবার রাতে নবম শ্রেণির ওই ছাত্রী নিজের বাড়িতে ঘুমোচ্ছিল। সেই সময় কয়েকজন যুবক মুখে কাপড় বেঁধে ওই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায় এবং  তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর তাকে একটি ভাঙা বাড়িতে ফেলে চলে যায়। স্থানীয় মানুষজনের নজরে আসায় বিধ্বস্ত অবস্থায় ওই নিগৃহীতাকে উদ্ধার করা হয়।

শান্তিনিকেতন থানায় অভিযোগ জানান নিগৃহীতার পরিজনেরা।

জানা গেছে,  অভিযুক্ত ওই পাঁচ যুবকের মধ্যে তিন যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেছেন ওই নির্যাতিতা।

অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই, তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। অভিযোগ দায়েরের পর নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়,  বলে জানা গেছে।