পুবের কলম ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচন ঘিরে প্রচার এখন জমজমাট। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম , বিজেপি সব দল এখন জোর কদমে প্রচার চালাচ্ছে। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রেও প্রচার ঘিরে প্রার্থীদের ব্যবস্তা চোখে পড়ার মতো। ওই কেন্দ্রে শাসক তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী হিসেবে তৃতীয়বারের জন্য টিকিট পেয়েছেন বিদায়ী বিধায়ক তোরাফ হোসেন মন্ডল। টানা দুবার ধরে সেখানে জয়ী হয়েছেন তিনি।
অন্যাদিকে, সি পি এমের দাপুটে নেতা তথা প্রাক্তন প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন , বিজেপির শুভেন্দু সরকার , এস ইউ সি আই দলের রঞ্জিত দেব সহ অন্যান্য দলের আরো কয়েকজন প্রার্থী হিসেবে রয়েছেন। সব প্রার্থীই জোরকদমে প্রচার চালাচ্ছেন।আরও পড়ুন:
মঙ্গলবার তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী তোরাফ হোসেন মন্ডলের সমর্থনে কুমারগঞ্জ হাইস্কুল মাঠে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নিখিল সিংহ রায়, কুমারগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি গণেশ দাস, উমা রায়, রিয়াজুল মন্ডল প্রমুখ। দলের তরফে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিগত বছরগুলিতে সারা বাংলায় যে উন্নয়ন হয়েছে সেগুলিকে মানুষের সামনে তুলে ধরে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে তৃতীয়বারের জন্য বিধানসভা নির্বাচনে জয়ী করার আবেদন জানানো হয় ।
আরও পড়ুন:
অন্যদিকে, এদিন সকালে বামফ্রন্টের তরফে কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী মোফাজ্জল হোসেনের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হয় । গোপালগঞ্জ বালুপাড়ায় প্রয়াত প্রাক্তন বিধায়ক দ্বিজেন্দ্রনাথ রায়ের বাড়িতে এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নন্দলাল হাজরা , বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুচেতা বিশ্বাস সহ অন্যান্য নেতারা। বামফ্রন্টের কর্মীসভায় প্রার্থী মোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতারা রাজ্য সরকারকে নিশানা করেন। কর্মীসভা শেষে সিপিএম প্রার্থী মিছিল করেন। এদিকে, বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারও কুমারগঞ্জের বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছেন। বিজেপি নেতারা শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। এছাড়া এসইউসিআই দলের প্রার্থী রঞ্জিত দেব, জাতীয় কংগ্রেস, মিম পার্টি ইত্যাদির তরফেও রাজনৈতিক প্রচার তথা নির্বাচনী প্রচার শুরু হয়েছে বলে জানা গিয়েছে।