দেবশ্রী মজুমদার, বোলপুর: কালীপুজোর আগে জেলা পুলিশের বড় সাফল্য বীরভূমের বোলপুর লোকসভার অন্তর্গত লাভপুরে। বিপুল পরিমাণ নিষিদ্ধবাজি উদ্ধার করল পুলিশ। গ্রেফতার দুই। এলাকাতে আরও কোথাও বাজি মজুত আছে কি না,  তা দেখতে পুলিশি তল্লাশি চলে লাভপুরে।

আসন্ন কালীপুজো ও দীপাবলিতে আতশবাজির বিপুল ব্যবহারে পরিবেশ দূষণ রুখতে সম্প্রতি রাজ্যজুড়ে বিভিন্ন প্রকার বাজিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রায়েও পরিবেশ বান্ধব বাজি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরেই পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে কোনভাবেই যেন বাজারে বেআইনি বাজি বিক্রি না হয়। আপাতত প্রশাসনের নজর সেই দিকেই। তার প্রমাণ মিলল লাভপুর থানার পুলিশ প্রশাসনের তৎপরতায়। বিগত কয়েকদিন ধরে লাভপুর থানার তরফে এলাকার সমস্ত বাজির দোকানে তল্লাশি চালানো হয়।
সেই সঙ্গে চলে আতশবাজি নিয়ে মানুষজনকে সচেতন করার কাজ।

পুলিশ সূত্রে খবর,  লাভপুর থানা এলাকায় বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হচ্ছে।এই তল্লাশি থেকে প্রায় ৩৫০ প্যাকেট নিষিদ্ধ বাজিও উদ্ধার হয়েছে ও দু'জনকে গ্রেফতারও করা হয়েছে। শুধু লাভপুর নয়,  গোটা বীরভূম জেলা জুড়ে বেআইনি আতশবাজির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ।

যদিও বাজি বিক্রেতাদের দাবি, পরিবেশবান্ধব আতশবাজি বলতে ঠিক কী বোঝানো হয়েছে সে বিষয়ে যথেষ্ট ধোঁয়াশা থাকার ফলেই সমস্যা তৈরি হচ্ছে।