পুবের কলম, রানিগঞ্জ: লোকসভা নির্বাচনের আবহে ফের একবার নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রানিগঞ্জ বিধানসভার খাণ্ডরার জনসভা থেকে ভোটার তালিকা সংশোধন এবং কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। নাম না করে কমিশনকে ‘বিজেপির ভ্যানিশ কমিশন’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
এদিনের সভা থেকে ভোটার তালিকায় নাম বাদ দেওয়া নিয়ে সরব হন মমতা।
রাজ্য থেকে অফিসারদের ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়ার বিষয়টিকেও ভালো চোখে দেখছেন না তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেন, "তামিলনাড়ুতে এখান থেকে ১০০ অফিসারকে পাঠিয়ে দিয়েছে। যাতে এখানে গুন্ডা আর টাকা ঢোকাতে পারে। কেন্দ্রীয় পুলিশের গাড়িতে করে টাকা আসছে এবং এর সমস্ত প্রমাণ তাঁর কাছে মজুত আছে।" জনসভার শেষে কড়া মেজাজে তিনি জানান, “যতই লোক সরাও, আমরাই ক্ষমতায় আসব। সারা জীবন লড়াই করেছি, লড়াই জারি থাকবে।”