পুবের কলম ওয়েব ডেস্কঃ বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বার বার প্রশ্ন তুলে আসছে তৃণমূল কংগ্রেস। বরাবরই শাসক দল তৃণমূল অভিযোগ তুলে আসছে যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। পুলিশ অবজারভার নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি নেতাদের ঘনিষ্ঠদের বাংলায় পুলিশ অবসারভার হিসেবে নিয়োগ করা হয়েছে।
এই আবহে এবার বিজেপি নেতার সঙ্গে কমিশনার নিযুক্ত এক পুলিশ অবজারভারের সঙ্গে বিজেপি নেতার গোপন বৈঠকের অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস। শাসকদল মঙ্গলবারই এই অভিযোগ তোলে, আর বুধবার এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে। প্রথম দফার ভোটের ঠিক আগেই তা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গের রাজনীতিতে।আরও পড়ুন:
তৃণমূলের অভিযোগ, ডায়মন্ড হারবারে এই বৈঠক হয়েছে।
বৈঠকে ছিলেন মগরাহাট ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী, এছাড়াও ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ দাবি করেছেন, দক্ষ ও গুরুত্বপূর্ণ তৃণমূল নেতাদের গ্রেফতারির পরিকল্পনা করা হয়েছে এই বৈঠকে। কুণালের দাবি, আলিপুরের একটি সরকারি থাকার ব্যবস্থা করা হয়েছে ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভারের। কিন্তু, তার বদলে তিনি থাকছেন একটি বেসরকারি হোটেলে। সেখানেই ওই বৈঠক হয়েছে। এমনকি কত নম্বর ঘরে থাকছেন ওই পুলিশ অবজারভার সেই তথ্যও তৃণমূলের তরফে প্রয়াকশ করা হয়েছে।আরও পড়ুন:
তৃণমূলের দাবি অনুযায়ী এই বৈঠক হয়েছে সোমবার। তবে মঙ্গলবার এই বৈঠকের কথা সামনে আনে তৃণমূল। আর বুধবার তার ভিডিও প্রকাশ করে। ওই কেন্দ্রগুলির তৃণমূল প্রার্থীরাও এই অভিযোগ তুলেছেন। সেই ঘটনায় ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ডেরেক ও’ব্রায়েন।