পুবের কলম ওয়েবডেস্কঃ শুক্রবার ডিজিটাল মিডিয়া ইনসাফ বাংলার সাংবাদিক একরামুল বাগানিকে গ্রেফতার করায় শনিবার, ৪ এপ্রিল ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্য এবং সাংবাদিকরা কলকাতা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানান। ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের দাবি একরামুল বাগানিকে কোনও কারণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে এবং সাত দিনের জেল হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন:
তাঁদের দাবি, একরামুল বাগানি সবসময় তাঁর কাজের মাধ্যমে সম্প্রীতির কথা বলেছেন, শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন। তাঁর বিরুদ্ধে ওটা অভিযোগ সর্বৈব মিথ্যা।
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক দীপক ব্যাপারী সহ ডিজিটাল মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা, সমাজসেবী, কবি মানিক ফকির, এক্স কমান্ডো অফিসার সুজয় মণ্ডল, দুর্জয়ি বাড়ুই প্রমুখ। তাঁরা জানান তাঁদের ইউটিউব চ্যানেল থেকে মুর্শিদাবাদ, মালদা, মোথাবাড়ি সংক্রান্ত সমস্ত ভিডিও ইউটিউব কর্তৃপক্ষ ডিলিট করে দিয়েছে। এবং তাঁদের আশঙ্কা সেটা প্রশাসনের রিপোর্টের কারণেই হয়েছে। তাঁরা প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছেন, কোনও বড় চ্যানেল কর্তৃপক্ষের চ্যানেল থেকে এই সংক্রান্ত ভিডিও ডিলিট করতে পারবেন তো? তাঁরা প্রশাসনের এহেন কার্যে ধিক্কার জানায় এবং তাঁরা সম্মিলিতভাবে প্রশাসনের উদ্দেশে একরামুল বাগানির নিঃশর্ত মুক্তি চেয়ে দাবি জানিয়েছেন।