পুবের কলম ওয়েবডেস্কঃ বঙ্গে এসআইআরে বাদ প্রেছে প্রায় ৯১ লক্ষ নাম। যার মধ্যে অধিকাংশ হিন্দু বলে দাবি করা হচ্ছে। সবমিলিয়ে এসআইআর নিয়ে তপ্ত বাংলা। এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি এসআইআরে বাদ পড়া ভোটারদের "দেশদ্রোহী" বলে মন্তব্য করলেন।

তাঁর এই মন্তব্য সামনে আসতেই দিলীপের বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড়। 

খড়্গপুরের তালিবাগিচা এলাকায় নির্বাচনী প্রচারে যান দিলীপ ঘোষ। সেখান থেকে ডিলিটেড ভোটারদের উদ্দেশ্য করে বলেন, “যারা যাওয়ার জন্য তৈরি, তাদের অন্তিম বিদায় ঘণ্টা বাজছে। পিসি-ভাইপোর ভোল পালটে যাচ্ছে। দিন দিন পরিস্থিতি কঠিন হচ্ছে।

নির্বাচন কমিশন সব জল নিংড়ে দিয়েছে। ইতিমধ্যেই ৯০ লক্ষ নাম বাদ গিয়েছে। আরও ১০-১২-১৫ লক্ষ যাবে।" দিলীপ আরও বলেন, তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় এসেছে ভুয়ো ভোটারদের ওপর ভর করেই।  এই দেশদ্রোহী, দেশবিরোধীদের বিদায় দেওয়ার জন্য সারা দেশে পরিবর্তনের ঢেউ উঠেছে।
এবার সেই ঢেউ বাংলাতেও লাগবে।" দিলীপের এই মন্তব্য সামনে আসতেই তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানকার তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বলেন, বিজেপির প্রকৃত চরিত্র এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে। অমিত শাহ নিজে বলেছিলেন কোনও হিন্দু বাদ যাবে না। অথচ ডিলিটের তালিকায় সিংহভাগই হিন্দু রয়েছেন। তাঁর অভিযোগ, তাহলে হিন্দু ভোটারদের দেশদ্রোহী বলা হচ্ছে? তাঁর পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষ এমন মন্তব্য করে শুধুমাত্র বাংলার মানুষকে অপমান করেননি, বিচারব্যবস্থাকে অসম্মান করেছে। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।