পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বন দফতরের অনুমতি ছাড়াই গাছ কাটার কথা স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েতের রায়পাড়া এলাকায়। গাছ কাটার কথা জানতে পেরে বাধা দেন স্থানীয়রা। যারা গাছ কাটছিল তারা পঞ্চায়েতের প্যাডে লেখা একটি অনুমতিপত্র দেখায়।

কিন্তু অনুমতিপত্রে পিডব্লিউডি রাস্তার উল্লেখ ছিল। কিন্তু প্রধান জানান ওটা পিডব্লিউডি রাস্তা নয়। এছাড়াও যে এলাকার গাছ কাটা হয় সেই এলাকার সিপিএমের পঞ্চায়েত মেম্বার নন্দিতা বর্মন বলেন, তিনি কিছুই জানেন না।

সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিল্যা জানান, মিটিং করে তার রেজুলেশন করা হয়েছে। পঞ্চায়েতের যতজন মেম্বার তার অধিকাংশ মেম্বারই মিটিংয়ে উপস্থিত ছিলেন।

কিন্তু ওই মিটিংয়ে যে এলাকার গাছ সেই রায়পাড়া এলাকার সিপিএম এর মেম্বার উপস্থিত ছিলেন না। তাই তিনি জানেন না। রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েতের রেজুলেশন মেনে গাছ গুলো কাটা হয়েছে। কিন্তু বনদপ্তরের কাছ থেকে কোন রকম অনুমতি নেওয়া হয়নি। সেটাও স্বীকার করেছেন প্রধান। তিনি পুরো বিষয়টি পঞ্চায়েতের উপর ছেড়ে দিয়েছেন।