পুবের কলম ওয়েবডেস্কঃ ডোমকল বিধানসভা এলাকার উন্নয়নে তৃণমুল কংগ্রেস আগেও অগ্রাধিকার দিয়েছে আগামীতেও দেবে। শুক্রবার এমনটাই জানালেন এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী আইপিএস হুমায়ুন কবির। সাংসদ আবু তাহের খানকে পাশে বসিয়ে বলেন, "আমি মানুষের জন্য কাজ করব। মানুষের সহযোগিতা পেলে সেই কাজ সম্পন্ন হবে। এখানে যে মিউনিসিপ্যালিটি আছে।
এখানে আমি একটা কোচিং সেন্টার করব ভেবেছি, যেটাতে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, পিএসসি, ব্যাংকিং, ক্লারিক্যাল সমস্ত ধরনের ট্রেনিং সেন্টার হবে। যেখান থেকে যে যুব সমাজ রয়েছে, সেই যুব সমাজকে কোচিং করিয়ে তারা যাতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজে প্রতিষ্ঠিত হতে পারেন তার জন্য আমি সচেষ্ট হব।"আরও পড়ুন:
শুক্রবার ডোমকলে নির্বাচনী প্রচার থেকে হুমায়ুন কবির বলেন, "এখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেভাবে রয়েছে তাতে অনেক শিক্ষকের দরকার। সেই শিক্ষক পূরণের দাবি নিয়ে আমি সর্বোচ্চ লেভেলে যাব। শিক্ষার মান উন্নয়ন করব, মাদ্রাসার আধুনিকীকরণসহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন স্কুল রয়েছে, সেই স্কুলগুলোর মান উন্নয়নে সচেষ্ট হব।
কলেজ এবং অন্যান্য যে সমস্ত ইন্সটিটিউশন রয়েছে, তাদের সর্বোচ্চভাবে যাতে হাইয়েস্ট লেভেলে নিয়ে যাওয়া যায়, আমি সেই ব্যাপারে সচেষ্ট হব।"আরও পড়ুন:
নিজের কাজের খতিয়ান দিয়ে হুমায়ুন আরও জানান, "বিগত পাঁচ বছর আমি ডেবরা'র বিধায়ক ছিলাম। সেখানে আমি প্রভূত উন্নতি করেছি শিক্ষার ক্ষেত্রে, রাস্তার ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে। হাসপাতালের উন্নতি করেছি এবং একটা মিল্ক প্রসেসিং প্ল্যান্ট যেটা শেষ পর্যন্ত ১৮০ কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, সেখানে ৬০ কোটি টাকা ওখানে করে দিয়েছি। বাস টার্মিনাস করেছি, ফায়ার স্টেশন করেছি, হাসপাতালের উন্নয়ন করেছি, কলেজের উন্নয়ন করেছি।
আজকে ডেবরা’র মতো একটা রুরাল কলেজ ১৬ বছরের কলেজ, সেটা প্রিন্সিপাল ম্যাডামের সহযোগিতায় আমরা ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছি এবং আজকে সেটা স্বশাসিত কলেজ।" ডোমকলের পরিযায়ী শ্রমিকের জন্যও বড় আশ্বাস দেন হুমায়ুন। তাঁর কথায়, " যে সব পরিযায়ী শ্রমিকরা আছেন তাঁদের কী করে উন্নত করা যায়? তাঁদের জন্য আরও ভালো কী করা যায় তার জন্য আমি সচেষ্ট হব। এই সমস্ত পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক, মানুষ যদি আমাকে আশীর্বাদ করে, ডোমকলের মানুষ যদি আমাকে আগামী পাঁচ বছরের জন্য রেখে দিতে চান, তাহলে আমি মানুষের যে ন্যায্য অধিকার সেটা আমি সরকারের কাছে রাখব এবং আশা করছি অনেকখানি কাজ আমি করতে পারব। সাংসদ আবু তাহের খান বলেন, "খুব ভালো প্রার্থী পেয়েছে ডোমকলবাসী। তাঁকে জয়ী করে বিধানসভায় পাঠানো ডোমকলবাসীর কর্তব্য।"