পুবের কলম ওয়েব ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পরেই নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে কালীঘাটের ওসি গৌতম দাসের বিরুদ্ধে। তারপরেই তাঁকে সাসপেন্ড করেছে লালবাজার। এবার কালীঘাটের ওসির প্রসঙ্গ তুলে অসাংবিধানিক কাজের অভিযোগ ওঠা বাইরের পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষকদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, কালীঘাটের ওসি শিশু ও মহিলাদের মেরেছিলেন। তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

তিনি আরও জানান, পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষকরা ভাবছেন ৪ মে'র পর উত্তর প্রদেশ বা ভিন রাজ্যে পালিয়ে যাবেন। তবে নিজ নিজ রাজ্যে ফিরে গেলেও যে তাঁরা পার পাবেন না সেই হুঁশিয়ারি দেন মমতা। তাঁর হুঁশিয়ারি, যারা অসাংবিধানিক কাজে মদত দিয়েছে তাঁদের আদালতে টেনে নিয়ে যাওয়া হবে। আজ শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা আরও বার্তা দিয়ে জানান, তৃণমূল এবার ২০০ টির বেশি আসন পাবে।
এছাড়াও, জেলা ভিত্তিক গণনা পর্যবেক্ষক নিয়োগের কোথা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, মমতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, যারা কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করেছে সেই সমস্ত কর্মীদের পুরস্কৃত করা হবে। 

উল্লেখ্য, গত ২৯ মার্চ কালীঘাট থানার ওসি বদল করা হয়েছিল। সেই সময় কালীঘাটের ওসি করা হয়েছিল উৎপল ঘোষকে। কিন্তু, দ্বিতীয় দফার ভোটের ঠিক কয়েকদিন আগেই ফের কালীঘাটের ওসি বদল করে আনা হয়েছিল গৌতমকে। তাঁর বিরুদ্ধে শিশু ও মহিলাদের মারধরের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। আর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠতেই তাঁকে সাসপেন্ড করে লালবাজার।