পুবের কলম,ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় চিতা ও বাঘের আক্রমণে মানুষের প্রাণ হারানোর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শুধু ২০২২ সালে পশুদের আক্রমণে কমপক্ষে ৫৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সম্প্রতি এমনই এক উদ্বেগজনক তথ্য বিধানসভায় পেশ করেছেন রাজ্যের বনমন্ত্রী সুধীর মুঙ্গনতিওয়ার। তিনি আরও বলেন, একই সময়ে ভিন্ন ঘটনায় ১৪ টির মতো বাঘের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
কংগ্রেস বিধায়ক বান্টি ভাঙ্গাডিয়ার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ৫৩ জনের মধ্যে ৪৪ জন বাঘের হামলার শিকার হয়েছেন। বাকিদের মৃত্যু হয়েছে চিতার আক্রমণে। এই ঘটনায় রাজ্য সরকারের তরফ থেকে মৃতের পরিবার-স্বজনদের ক্ষতিপূরণ স্বরূপ ২০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুঙ্গনতিওয়ার সোমবার সে রাজ্যের বিধানসভায় ওই বিবৃতিতে আরও জানিয়েছেন, ২০২২ সালের ক্যালেন্ডার বছরে ভিন্ন ঘটনায় ৫৩টি বাঘ, চিতা, হরিণ, ভাল্লুক, ময়ূরের মৃত্যু হয়েছে।
তারমধ্যে ৯ টি বাঘ ও তিনটি চিতার স্বাভাবিক মৃত্যু হয়েছে। অন্যদিকে দুটি বাঘ একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে নিহত হয়েছে। আরও দুটি বাঘ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। অন্য আর ১ টি বাঘ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এছাড়াও ২০২২ সালে অন্তত পাঁচটি চিতল হরিণ এবং তিনটি বন্য শুকর শিকারীদের হাতে মারা পরে।