পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারকে ফের আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্যারাকপুরের জনসভা থেকে তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আছি। সঠিক ভাবেই SIR হচ্ছে। একজন অনুপ্রবেশকারীকেও ভোটার তালিকায় রাখা হবে না।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে অভিযোগ তুলে শাহ বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার বিএসএফ-কে জমি হস্তান্তর করছে না। তাঁর দাবি, “অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার আন্তরিক নয়। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই জমি দিচ্ছে না।” শাহের হুঁশিয়ারি, “এপ্রিলে রাজ্যে বিজেপি সরকার এলে ৪৫ দিনের মধ্যেই সীমান্তে কাঁটাতারের কাজ শেষ করা হবে।” পাশাপাশি অসমের উদাহরণ টেনে তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে অনুপ্রবেশ কার্যত বন্ধ হয়েছে।