জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে আনুষ্ঠানিকভাবে শপথ নেন খলিলুর রহমান। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

খলিলুর রহমান জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন।

গত ২ জুন গোপন ব্যালটে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের এই প্রতিনিধি। নির্বাচনে তিনি ৯৯টি ভোট পান। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছিলেন ৯১টি ভোট।

জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থার আওতায় এবারের সাধারণ পরিষদের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। সেই হিসেবেই নির্বাচনে জয়ী হয়ে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক দায়িত্ব পেলেন খলিলুর রহমান।