শ্রীনগর, ৩০ মে: জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু, গুরুতর আহত আরও ২৯ জন যাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মুর আখনুরে। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে খবর। এদিকে প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে জম্মু জেলার আখনুরের চুঙ্গি মোড় এলাকায় তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ২১ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:
প্রশাসনের এক আধিকারিক বলেন, বাসটি উত্তর প্রদেশের হাথরস থেকে রিয়াসি জেলার শিব খোরি এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আখনুরের ব্লক মেডিকেল অফিসার মুহাম্মদ সালিম খান জানিয়েছেন, ২১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রায় ২৯ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের চিকিৎসার জন্য জম্মুর জিএমসি হাসপাতালে পাঠানো হয়েছে।আরও পড়ুন:
এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স-এ তিনি বলেছেন, "জম্মুর আখনুরে এক বাস দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে আমি ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
" অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এই ঘটনাকে "হৃদয়বিদারক" বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, "আমি প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছি। নিহত পরিবারগুলিকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রশাসন নিহত পরিবারগুলিকে সমস্ত সহায়তা প্রদান করছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থাও করছে।"