পুবের কলম ওয়েব ডেস্ক: পার্কিংয়ের জায়গা বাড়াতে এবার সিমপার্ক মল অধিগ্রহণ করতে চলেছে কলকাতা পুরসভা। সেক্ষত্রে ভূগর্ভস্থ পার্কিং পুনরায় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে মল থেকে বিজ্ঞাপন হোর্ডিং সরিয়ে ফেলতে কর্তৃপক্ষকে নোটিসও পাঠিয়েছে পুরসভা। এখন বাকি শুধু অনুমোদনের। সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেই সিমপার্ক মল অধিগ্রহণ করবে কলকাতা পুরসভা।
কলকাতা পুরসভার থেকে ২০ বছরের জন্য মল লিজ নিয়েছিল সিমপার্ক কর্তৃপক্ষ।
সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত অক্টোবরে। জানা গিয়েছে, মল কর্তৃপক্ষকে আর নতুন করে লিজ রিনিউ দিতে চাইছে না পুরসভা।আরও পড়ুন:
অন্যদিকে, চুক্তি পুনর্নবীকরণের জন্য মল কর্তৃপক্ষের তরফে আবেদনও করা হয়নি বলে জানিয়েছে পুরসভার বাজার বিভাগ। এ বিষয়ে মেয়র পারিষদ (বাজার) আমিরুদ্দিন ববি বলেন, সিমপার্ক মল যে সংস্থাকে লিজ দেওয়া হয়েছিল তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। পুরসভা নতুন করে আর চুক্তি করছে না। পুনরায় মলের দখল নেবে।
সেক্ষেত্রে মলের দায়িত্ব বাজার বিভাগ দেখবে। ভূগর্ভস্থ পার্কিংয়ের দায়িত্ব পুরসভার পার্কিং বিভাগকে দেওয়া হচ্ছে।আরও পড়ুন:
নিউ মার্কেট চত্বরে পার্কিং একটা বড় সমস্যা। এই পার্কিং লট চালু হলে নিউ মার্কেট এলাকায় বেআইনি পার্কিং-রাজ রোখা যাবে বলে মনে করছে পুর প্রশাসন। ভূগর্ভস্থ এই পার্কিং লটে ২৭০টি মতো গাড়ি রাখার জায়গা রয়েছে। স্বয়ংক্রিয়ভাবে গাড়ি ওঠানামা করতে পারে।
এ প্রসঙ্গে মেয়র পারিষদ (পার্কিং) দেবাশিস কুমার বলেন, ওই পার্কিং লট পুরসভা চালাবে। বাজার বিভাগ দখল নিলে তারপর পার্কিং লট চালু করার কাজ শুরু করা যাবে। দমকল ও সিইএসসিকে সঙ্গে নিয়ে ভূগর্ভস্থ মার্কেট পরিদর্শন করে অগ্নিনির্বাপণের কাজ করা হবে।আরও পড়ুন:
এদিকে সংস্থার সঙ্গে পুরসভার লিজের মেয়াদ শেষ হয়ে গেলেও মলের ব্যবসায়ীদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে এখনও অনেকটা সময় বাকি। এখানে দোকান রয়েছে ১৮০টি। দোকান নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ৬০ বছরের চুক্তি হয়েছে। এ প্রসঙ্গে পুর কর্তৃপক্ষের বক্তব্য, মল হস্তান্তর করা নিয়ে ব্যবসায়ীদের কোনও সমস্যা হবে না।