পুবের কলম ওয়েবডেস্কঃ বঙ্গে নির্বাচনকে ঘিরে উত্তাপ ক্রমেই বাড়ছে। প্রচারের ময়দানে এখন চলছে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। গ্রামে, গঞ্জে, শহরের ওলিতে গলিতে যেমন চলছে প্রচারের লড়াই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও চলছে জোরকদমে প্রচার। তবে দেখা যাচ্ছে, ইউটিউবে ভিউয়ের নিরীখে সমস্ত রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

 

"ডেটা বিয়িংস" নামে একটি সংস্থা সম্প্রতি একটি তথ্য প্রকাশ করেছে, তাতে দাবি করা সবচেয়ে বেশি ভিউ হয়েছে তৃণমূলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘AITC Official’ ২৯২.৯ মিলিয়ন বা প্রায় ২৯ কোটি ২৯ লক্ষ ভিউ পেয়েছে। আর এই ভিউ এসেছে ২০২৬ সালের ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ মাত্র ৫ দিনেই এই সংখ্যক ভিউ হয়েছে।

আর এই তালিকায় এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘ইন্ডিয়ান ইউথ কংগ্রেস’। কংগ্রেসের এই চ্যানেলে ভিউ সংখ্যা মাত্র ২২.২ মিলিয়ন। অর্থাৎ, প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান আকাশপাতাল। এদিকে, এই তালিকায় ব্যক্তিগত জনপ্রিয়তায় অনেক পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সংস্থার তথ্য অনুযায়ী, তৃণমূলের ভিউ শেয়ার ৮১ শতাংশ, অথচ নরেন্দ্র মোদী ৮.১ মিলিয়ন ভিউ (২% শেয়ার) মাত্র। এর নিরীখে তিনি রয়েছেন চতুর্থ স্থানে। আর রাহুল গান্ধী ৬.৫ মিলিয়ন ভিউ (২% শেয়ার) নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। এদিকে, ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল চ্যানেলও মাত্র ২ মিলিয়ন ভিউ পেয়েছে, যা তৃণমূলের থেকে কয়েক যোজন পিছিয়ে।  ইউটিউবে ভিউয়ের নিরীখে নবম স্থানে রয়েছে বিজেপি। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূল সুপরিকল্পিত ডিজিটাল ক্যাম্পেইন এবং ছোট ছোট ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কৌশল অবলম্বন করেছে। সেই কারণে তাদের ভিউ বেশি হয়েছে।