পুবের কলম ওয়েবডেস্কঃ মাছ উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় এক জনসভা থেকে তিনি দাবি করেন, বর্তমানে মাছ উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনেকটাই স্বনির্ভর হয়ে উঠেছে। অতীতে ইলিশের জন্য বাংলাদেশ বা দেশের অন্য প্রান্তের উপর নির্ভর করতে হলেও এখন সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে মন্তব্য তাঁর।

এর আগে একই দিনে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, বাংলায় মাছের চাহিদা অত্যন্ত বেশি হলেও মৎস্যচাষের ক্ষেত্রে রাজ্য এখনও আত্মনির্ভর হতে পারেনি। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে এখনও অন্য রাজ্য থেকে বিপুল পরিমাণ মাছ আমদানি করতে হয়।

মোদী বলেন, গত ১১ বছরে দেশে মাছ উৎপাদন দ্বিগুণ হয়েছে, কিন্তু তৃণমূল সরকারের নীতির কারণে সেই সাফল্যের পূর্ণ সুফল পায়নি বাংলা। পাশাপাশি তাঁর অভিযোগ, কেন্দ্রের ‘পিএম মৎস্য সম্পদ’ প্রকল্পের সুবিধাও রাজ্যের মৎস্যজীবীরা ঠিকমতো পাচ্ছেন না। বরং রাজ্য সরকার নাকি কেন্দ্রীয় প্রকল্পগুলোর নাম পরিবর্তন করতেই বেশি আগ্রহী। বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় প্রকল্পের পূর্ণ সুবিধা বাংলার মানুষ পাবেন বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই অভিযোগের সরাসরি প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, এক সময় বাংলায় পর্যাপ্ত ইলিশ পাওয়া যেত না। চাহিদা মেটাতে বাংলাদেশ বা অন্য রাজ্যের উপর নির্ভর করতে হত। কিন্তু বর্তমানে ডায়মন্ড হারবারে স্থাপিত গবেষণা কেন্দ্রের উদ্যোগে ইলিশ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাঁর দাবি, সেই গবেষণার ফলেই রাজ্যে এখন বেশি পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে। একই সঙ্গে ছোট মাছ বা চুনোপুঁটি সংরক্ষণের ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য আলাদা পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থাও চালু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।