পুবের কলম ওয়েবডেস্কঃ এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্যের একাধিক এলাকায় ভোটার তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগএই প্রক্রিয়ার ফলে বহু মতুয়া ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। ফলে মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এমনকী অনেকেই নতুন করে নাগরিকত্ব বা দেশছাড়া হওয়ার আশঙ্কার কথাও প্রকাশ করছেন। এই পরিস্থিতির মধ্যেই মতুয়াগড় হিসেবে পরিচিত বনগাঁয় নির্বাচনী জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী মঙ্গলবার বনগাঁ স্টেডিয়ামে মমতার সভা হওয়ার কথা রয়েছে। এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তৎপরতা বেড়েছে। তৃণমূলের দাবি,এসআইআর প্রক্রিয়ার কারণে বহু মতুয়া উদ্বাস্তু পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী সভা থেকে তাঁদের পাশে থাকার বার্তা দেবেন বলেই আশা করছেন দলীয় নেতৃত্ব।

মূলত বনগাঁ উত্তর কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাস এবং বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে এই জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখযোগ্য বিষয় হল,২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোট-দুই ক্ষেত্রেই এই দুই কেন্দ্রে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তৃণমূলকে। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই দুই আসন পুনরুদ্ধার করতে মরিয়া শাসকদল। দলীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার হেলিকপ্টারে করে বনগাঁ স্টেডিয়ামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সভাকে সফল করতে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। বিভিন্ন স্তরে ধারাবাহিক বৈঠক চলছে। দলের বনগাঁ নেতৃত্ব জানিয়েছেন,  মুখ্যমন্ত্রীর আগমনের খবর পেয়ে দলের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। সভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হবেন এবং মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে নেত্রীর বার্তাও বিশেষ তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন নেতৃত্ব।