পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদলের পর এই প্রথম দুর্গাপুজো। এই আবহে আসন্ন মহাসপ্তমীতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সকালে বেলুড় মঠ পরিদর্শনের পর দিনভর শহরের একাধিক মণ্ডপে ঘুরে বাংলার দুর্গাপুজোর আমেজ উপভোগ করবেন তিনি।
দুর্গাপুজো মানেই আপামর বাঙালির কাছে এক বিশেষ আবেগ, যার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন সকলে।

বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর এটি প্রথম দুর্গাপুজো হওয়ায় তা যে অন্যান্যবারের তুলনায় একটু আলাদা, তা ইতিমধ্যেই স্পষ্ট। মহালয়ার সন্ধ্যায় ইডেনের মেগা ইভেন্ট আয়োজনের মাধ্যমে নতুন সরকার যে বাঙালিকে উৎসবের মরশুমে উপহারে ভরিয়ে দিতে চায়, তার প্রমাণ মিলেছে। প্রথমে মহালয়ায় ইডেনের অনুষ্ঠানে অমিত শাহের উপস্থিত থাকার কথা থাকলেও পরবর্তীকালে সেই সফর বাতিল হয়।
তবে সূত্রের খবর, মহাসপ্তমীর দিন তিনি বাংলায় উপস্থিত থাকবেন।
বিমানবন্দর থেকে তিনি সোজা যাবেন 'সৌজন্যে'। দ্বিতীয় সপ্তমী অর্থাৎ রবিবার সকালে তাঁর বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি বালির দেশবন্ধু ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শন করবেন। এরপর ফের সৌজন্যে ফিরে দুপুরে তাঁর চেতলা ২৪ পল্লি, শোভাবাজার রাজবাড়ি এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। দিনভর শহরের এই সমস্ত পুজো পরিক্রমা শেষ করে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে জানা গিয়েছে।