প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের ৩০০০ টাকা ঢুকবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যের ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই সুবিধা পাবেন। পাশাপাশি নভেম্বর-ডিসেম্বরে অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ মিলবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
সোমবার নবান্নে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য প্রতিবন্ধী ভাতা প্রাপকদের হাতে টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগে এই ভাতার পরিমাণ ছিল মাসে ১০০০ টাকা। সরকার পরিবর্তনের পর তা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।
তিনটি প্রকল্প মিলিয়ে মোট ৮৩ লক্ষ ৫ হাজার ৯১৯ জন উপভোক্তা সুবিধা পাচ্ছেন। তাঁদের জন্য বছরে সরকারের খরচ হবে প্রায় ১৪ হাজার ৭৭১ কোটি টাকা।আরও পড়ুন:
তবে একইসঙ্গে সামাজিক প্রকল্পগুলিতে অনিয়মের অভিযোগও তুলেছেন শুভেন্দু। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার একটি ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন, সেখানে এক ব্যক্তি বিধবা ভাতা নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন। বয়স জালিয়াতি করে বা ভুয়ো শংসাপত্র দেখিয়ে অনেকে সামাজিক প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলেও অভিযোগ তাঁর। তাই আবেদনপত্রগুলি যাচাই করে দেখা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
যোগ্য নন এমন কেউ সামাজিক প্রকল্পের সুবিধা নিয়ে থাকলে তাঁকে অবিলম্বে সেই সুবিধা ছেড়ে দেওয়ার বার্তাও দিয়েছেন তিনি।আরও পড়ুন:
শুভেন্দু জানান, আগের সরকারের আমলের সামাজিক প্রকল্পগুলির অপেক্ষমাণ তালিকা বা ওয়েটিং লিস্ট বাতিল করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে জনকল্যাণ শিবিরে জমা পড়া আবেদনগুলিই নতুন করে বিবেচনা করা হবে।
আরও পড়ুন:
২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলাদের বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। যোগ্য হলে তাঁরা মাসে ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা পাবেন। নভেম্বর-ডিসেম্বরে গ্রাম পঞ্চায়েত ও পুরসভা স্তরে ফের জনকল্যাণ শিবির হবে।
সেখানে বিভিন্ন সামাজিক প্রকল্পে নতুন করে আবেদন করা যাবে।আরও পড়ুন:
বিশেষ ভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রেও অতিরিক্ত সুবিধার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ২৫ থেকে ৬০ বছর বয়সি বিশেষ ভাবে সক্ষম মহিলারা প্রতিবন্ধী ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাবেন। এমন প্রায় ১ লক্ষ ৩৪ হাজার মহিলা মোট ৪৫০০ টাকা করে পাবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
পাশাপাশি রাজ্যের রাজস্ব আদায় বৃদ্ধি নিয়েও দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, সরকার ক্ষমতায় আসার পর বিগত অর্থবর্ষের তুলনায় এখনও পর্যন্ত রাজস্ব আদায় ১৮ শতাংশ বেড়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রশাসনিক দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও জানান তিনি।