পুবের কলম প্রতিবেদক: এবারের আইপিএলে আর দেখা যাবে না নাইট রাইডার্সের ব্রিটিশ তারকা মঈন আলিকে। বিশেষ কারণে তিনি আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু কারণটা পরিষ্কার করে জানাননি। শুধু এটা জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি আইপিএলে এ বছর আর খেলতে আসবেন না। ভারত-পাক চরম সংঘাত আবহে আইপিএল বন্ধ থাকার পর শনিবার থেকে পুনরায় তা চালু হতে চলেছে। প্রথম ম্যাচেই খেলবে আরসিবি ও কেকেআর। ম্যাচটি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু সেই ম্যাচের আগেই মঈন জানিয়ে দিয়েছেন আইপিএলে তাঁর না খেলতে পারার কথা। যুদ্ধের আবহে অনেক দলেরই অনেক ক্রিকেটাররাই আর আইপিএলে ফিরে আসতে চাইছেন না। তবে মঈনের ব্যাপারটা হয়তো সেরকম নয়।
চলতি আইপিএলে নাইট রাইডার্সের হয়ে মাত্র ৬টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন মঈন। সবক’টি ম্যাচেই তাঁর পারফরম্যান্স উল্লেখ করার মতোই ছিল। কিন্তু তা সত্ত্বেও তাঁকে না খেলানোর একটা প্রবণতা দেখা গিয়েছিল নাইট টিম ম্যানেজমেন্টের মধ্যে। হয়তো তাতে কিছুটা অভিমানী হয়ে পড়েছেন মঈন। তাঁর ব্যাটিং ও বোলিং দুটোই ইতিবাচক। কঠিন পরিস্থিতিতেও তাঁর উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু যে ক’টি ম্যাচে মঈনকে খেলায়নি নাইট, তার বেশিরভাগ ম্যাচেই তারা হেরেছে। এদিকে নাইটের বাকি বিদেশিরা প্রায় সবাই নিশ্চিত করে দিয়েছেন পুনরায় আইপিএলের বাকি ম্যাচগুলিতে খেলার জন্য। সুনীল নারিন ও রাসেলরা দুবাইয়ে রয়েছেন। আজ শুক্রবার তাঁদের বেঙ্গালুরুতে পৌঁছে যাওয়ার কথা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার অ্যানরিখ নোর্টজেও ফিরে আসছেন ভারতে। রভম্যান পাওয়েল হয়তো ফিরবেন না, কারণ তাঁর চোট। ডি’কক ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়ে দিয়েছেন।
ভয় কাটিয়ে যেখানে পাওয়েল ছাড়া প্রায় সব বিদেশিকেই পাচ্ছে নাইট, সেখানে মঈন আলির না থাকাটা কিছুটা অপ্রত্যাশিতই। সূত্র বলছে, দলে কোন ম্যাচে সুযোগ পাবেন, কোন ম্যাচে পাবেন না, সেই দোলাচলতায় তিনি আর থাকতে চাইছেন না। একটা গ্যাপ তো তৈরি হয়েই গিয়েছে। হয়তো সেই শূন্যতার জন্য মঈনকে আইপিএলের বাকি ম্যাচগুলিতে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স।



























