পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার কেশিয়াড়ির জনসভা থেকে তীব্র ভাষায় বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন বাতিলের চেষ্টা হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।

সভামঞ্চ থেকে মমতার দাবি, “আমার ভোটকেন্দ্রে নমিনেশন কাটার জন্য গদ্দাররা আমার নামে দু’টি মিথ্যা হলফনামা জমা দিয়ে মনোনয়ন বাতিল করার চেষ্টা করেছিল।” যদিও সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি বলেও জানান তিনি। তাঁর কথায়, “অনেক অসম্মান করা হয়েছে, যাতে আমি ভোটে দাঁড়াতে না পারি।

এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘চক্রান্ত’-এর অভিযোগ তুলে সরব হন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “যদি আমার সঙ্গেই এমন করা হয়, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কী হতে পারে, তা সহজেই বোঝা যায়।”

এদিন এসআইআর প্রসঙ্গেও কড়া আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “এসআইআর একটি বড় কেলেঙ্কারি, বিজেপিকে ক্ষমতায় আনার জন্যই এই প্রচেষ্টা।”

শুধু তাই নয়, বিজেপির সাম্প্রতিক সংকল্পপত্রেরও বিরোধিতা করেন তিনি।

এক দেশ এক আইন বা অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতার কথাও স্পষ্ট করে জানান। পাশাপাশি বাংলায় ইভিএম লুঠের অভিযোগ তুলে বলেন, “এরা থাকলে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। বিজেপি গণতন্ত্রকে অবহেলা করে।”

বিজেপির বিরুদ্ধে আরও তোপ দেগে মমতার অভিযোগ, “মানুষকে ভয় দেখানো হচ্ছে। বাহিনীর গাড়িতে করে টাকা আনা হচ্ছে।” ভোটের দিন বাইরে থেকে কেউ এলে অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষকে সতর্কও করেন তিনি।

নির্বাচনী সভা থেকেই তিনি স্পষ্ট বার্তা দেন, “বিজেপিকে রুখতে যা করার, তা-ই করা হবে।”