পুবের কলম ওয়েব ডেস্কঃ দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে ফের রাজ্যের পুলিশ প্রশাসনে পরিবর্তন আনল জাতীয় নির্বাচন কমিশন। হাওড়া জেলার অন্তর্গত লিলুয়া এবং বেলুড় থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে লিলুয়া থানার নতুন দায়িত্ব সামলাবেন সুজয় টুঙ্গা। অন্যদিকে, বেলুড় থানার দায়িত্বভার অর্পণ করা হয়েছে দেবাশিস চট্টোপাধ্যায়ের ওপর। রবিবার রাত্রি ১০ টার  মধ্যেই নবনিযুক্ত এই দুই আধিকারিককে নিজ নিজ পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কী কারণে এই আকস্মিক পদবদল,  সেই বিষয়ে এখনও কোনো স্পষ্ট কারণ জানা যায়নি।

এর ঠিক আগে,  গত শুক্রবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাঁচজন পদস্থ আধিকারিককে কর্তব্যে গাফিলতির দায়ে সাময়িকভাবে বরখাস্ত বা নিলম্বিত করে কমিশন। এই তালিকায় নাম রয়েছে অতিরিক্ত পুলিশ অধীক্ষক সন্দীপ গড়াই, মহকুমা আরক্ষা আধিকারিক সজল মণ্ডল,  ডায়মন্ড হারবার থানার প্রধান আধিকারিক মৌসম চক্রবর্তী,  ফলতা থানার প্রধান অজয় বাগ এবং উস্তি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেচ্ছা বাগের।

কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্যসচিবকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আদর্শ আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করা এবং নিরপেক্ষ ভূমিকা পালনে চূড়ান্ত ব্যর্থ হওয়ার জন্যই ওই পাঁচ আধিকারিকের বিরুদ্ধে এই কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই নির্দেশিকা জারির চব্বিশ ঘণ্টার মধ্যেই শূন্য পদগুলিতে নতুন আধিকারিকদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন কমিশন। সেই নির্দেশ অনুযায়ী, ডায়মন্ড হারবারের নতুন অতিরিক্ত পুলিশ অধীক্ষক হিসেবে অভিষেক মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।