পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে এসআইআরে বিবেচনাধীন ভোটারের সংখ্যা হল ৬০ লক্ষ। এরমধ্যে এখনও পর্যন্ত কত নিষ্পত্তি হয়েছে এবং কত ভোটারের নাম বাদ গেল সেই তথ্য দিল নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত ৪২ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। আর বাদ গিয়েছে ১৮ লক্ষ নাম। একইসঙ্গে কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষের আগেই নিপত্তি করা সম্ভব হবে।

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। চূড়ান্ত ও খসড়া তালিকা মিলিয়ে বাদ পড়ে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। প্রথম অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়ে ১২ লক্ষের নাম। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে নির্দেশে বিবেচনাধীন ভোটারদের তথ্য নিষ্পত্তি করছেন বিচারকেরা। তাঁরা এসেছেন ভিন রাজ্য থেকে।

৭০৫ জন বিচারবিভাগীয় আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত। কমিশন সূত্রের খবর অনুযায়ী, এসআইআর শুরু হওয়ার আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। এদের মধ্যে শুনানির জন্য চিহ্নিত করা হয় প্রায় ১ কোটি ৫২ লক্ষ ভোটারকে। এর মধ্যে আবার ১ কোটি ২০ লক্ষ ভোটারকে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকাভুক্ত করে শুনানিতে ডেকে পাঠানো হয়।  সব মিলিয়ে প্রায় ১ কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানি হয়।