পুবের কলম,ওয়েবডেস্ক: পশ্চিম অস্ট্রেলিয়ার একটি সমুদ্র সৈকতে আটকে পড়ে ৫০টিরও বেশি পাইলট তিমি মারা গেছে। বাকি তিমিদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। অস্ট্রেলিয়ার পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকালে আলবানির ৬০ কিলোমিটার পূর্বে চেইনস সৈকতের কাছে তিমির ঝাঁকটিকে সাঁতার কাটতে দেখা যায়। পরে দলটি সৈকতের কাছাকাছি আসতে শুরু করে এবং সেখানে আটকে পড়ে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্টেট ডিপার্টমেন্ট অফ বায়োডাইভারসিটি, কনজারভেশন অ্যান্ড অ্যাট্রাকশন তিমিগুলোকে উদ্ধার করতে এবং বাঁচাতে সৈকতে ক্যাম্প স্থাপন করেছে।
Advertisement
উদ্ধারকারী দলে দেশটির পার্থ চিড়িয়াখানার পশুচিকিৎসক এবং সামুদ্রিক বিশেষজ্ঞরা রয়েছেন। পাশাপাশি  রয়েছে স্বেচ্ছাসেবকদের একটি দল। সংস্থাটির ব্যবস্থাপক পিটার হার্টলি বলেন, ‘৪৬টি তিমি এখনও জীবিত আছে এবং তাদের উদ্ধার করাই হবে আমাদের মূল লক্ষ্য। ‘ তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী যে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং তাদের   উদ্ধার করব।’ উল্লেখ্য, পাইলট তিমি আদৌ তিমি নয়।
Advertisement
এরা সামুদ্রিক ডলফিন পরিবারের সদস্য। পাইলট তিমিকে সিটাসিয়ান বর্গের জলজ স্তন্যপায়ী প্রাণী হিসাবে শ্রেণীবিন্যাস করা হয়। এরা এবং ডলফিন পরিবারের অন্যান্য সদস্য কালো মাছ বা ব্ল্যাক ফিশ নামেও পরিচিত। পরিণত পুরুষ পাইলট তিমির দৈর্ঘ্য ২০ ফুট এবং ওজন ৩ টন পর্যন্ত হয়ে থাকে। আর স্ত্রী পাইলট তিমির দৈর্ঘ্য ১৬ ফুট এবং ওজন দেড়  টন হয়। বসবাস ও বিচরণের জন্য গভীর পানিই এদের বেশি পছন্দ। তবে মাঝেমধ্যে এরা ঝাঁক বেধে সৈকতের কাছাকাছি চলে এসে আটকে পড়ে ও মারা যায়।