পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: জীবিত ভোটারদের ফর্ম ৭ পূরণ করতে বাধ্য করার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়ায়। শনিবার সকালে বাদুড়িয়া ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) অফিসে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ভোটাররা। অভিযোগ, চক্রান্ত করে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের বেনাগ্রাম এলাকা এবং আটঘড়া গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথ—এই দুই কেন্দ্র মিলিয়ে মোট ৩৩ জন ভোটারকে ফর্ম ৭ পূরণ করতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও ভোটারের নাম একাধিক বিধানসভা কেন্দ্রে থাকলে একটি জায়গা থেকে নাম বাদ দেওয়ার জন্য অথবা মৃত ভোটারদের নাম কাটার ক্ষেত্রে ফর্ম ৭ পূরণ করা হয়। কিন্তু অভিযোগ উঠেছে, জীবিত ভোটারদেরই এই ফর্ম পূরণ করিয়ে তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। শনিবার সকালে ক্ষুব্ধ ভোটাররা বাদুড়িয়া BDO অফিসে পৌঁছে বিক্ষোভ দেখান এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তাঁদের দাবি, বিজেপির চক্রান্তে জীবিত মানুষকে মৃত ঘোষণা করে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।

এ প্রসঙ্গে তৃণমূল নেতা মেহেবুর আলম বলেন, “বিধানসভা ভোটের আগে বিজেপি পরিকল্পিত ভাবে জীবিত ভোটারদের মৃত দেখিয়ে নাম কাটার চেষ্টা করছে। তবে এই চক্রান্ত সফল হবে না।” তিনি আরও জানান, সংশ্লিষ্ট ৩৩ জন ভোটার শুনানির পর বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। একইসঙ্গে নির্বাচন কমিশনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা জানিয়েছেন,“বেশ কয়েকজন ভোটার অভিযোগ জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”