সালতামামি ২০২৩

১. ইসরাইল-হামাস যুদ্ধ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইল-হামাস যুদ্ধে এ পর্যন্ত ২২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অঞ্চলটির ২৩ লাখ অধিবাসীর প্রায় ৯০ শতাংশ বাস্তুচ্যুত হয়েছেন। গত ৭ অক্টোবর হামাস-ইসরাইলের এই লড়াই নতুন করে শুরু হয়। ২০২৩ সালের বিশ্ব রাজনীতিতে ইসরাইল-হামাস যুদ্ধই সবচেয়ে বড় ঘটনা।

সালতামামি ২০২৩

২. ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের ফলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের গুরুত্ব অনেকটাই চাপা পড়ে গেছে। তবুও, এই যুদ্ধের ফলে ইউরোপের নিরাপত্তা এখনও হুমকির মুখে রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার প্রায় দুই বছর হতে চললেও যুদ্ধ শেষ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধে ইউক্রেন প্রথম দিকে সুবিধা করতে পারলেও বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের আটকে দেওয়া ৬১ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ইউক্রেনকে বেশ অসুবিধায় ফেলেছে। এই মুহূর্তে দেশটি যুদ্ধে অংশগ্রহণের জন্য নতুন যোদ্ধার সন্ধানে রয়েছে।

সালতামামি ২০২৩

৩. তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প

২০২৩ সালের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনাটি ঘটেছে পশ্চিম এশিয়ায়৷ তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ এক ভূমিকম্পে ৬০ হাজার মানুষের মৃত্যু হয়। এর মধ্যে ৫১ হাজার তুরস্কে এবং বাকি ৯ হাজার মানুষ মারা যায় সিরিয়ায়।

সালতামামি ২০২৩

৪. টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ৫ যাত্রীর মৃত্যু

১৮ জুন সাগরের তলদেশে পড়ে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে ৫ ধনকুবের আরোহী নিয়ে সমুদ্রে ডুব দেয় ছোট আকৃতির ডুবোযান টাইটান৷  মৃত্যু হয় ৫ জনের। সাবমেরিনের আরোহীরা ছিলেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং (৫৮), পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ (৪৮) এবং তার ছেলে সুলেমান দাউদ (১৯), ফ্রান্সের নৌবাহিনীর প্রাক্তন সদস্য পল অঁরি নাজোলে এবং ওশানগেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ।

সালতামামি ২০২৩

৫. আফ্রিকায় একাধিক সামরিক অভ্যুত্থান

চলতি বছরে আফ্রিকায় গণতন্ত্র মারাত্মক হোঁচট খেয়েছে।

এ বছর ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থান হয়। ৩০ আগস্ট আরেকটি সামরিক অভ্যুত্থান হয় গেবনে। সেপ্টেম্বরে বুরকিনা ফাসোর সামরিক শাসক একটি অভ্যুত্থান চেষ্টা নস্যাতের দাবি করে। তিন বছর আগে পশ্চিম বিরোধী সামরিক অভ্যুত্থান শুরু হয় মালিতে। এই অভ্যুত্থানের প্রভাব ছড়িয়ে পড়ে আফ্রিকার অন্যান্য দেশে। মালিতে গত জুলাই মাসে সরকারি ভাষার তালিকা থেকে ফরাসি বাদ দেওয়া হয়। প্রাক্তন উপনিবেশ ফ্রান্সের সৈন্যদের বহিষ্কার করে মালি। এ ছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূতকেও বহিষ্কার করে দেশটি। এর মাধ্যমে প্রাক্তন উপনিবেশীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মালি।

সালতামামি ২০২৩

৬. ডাম্বলডোরের মৃত্যু

হ্যারি পটারের বিখ্যাত অভিনেতা প্রফেসর অ্যালবাস ডাম্বলডোরখ্যাত স্যার মাইকেল গ্যাম্বন ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ২৮ সেপ্টেম্বর তিনি হাসপাতালে মারা যান। হ্যারি পটারের আটটি চলচ্চিত্রের মধ্যে ছয়টিতে প্রফেসর অ্যালবাস ডাম্বলডোরের চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান। আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেছিলেন মাইকেল গ্যাম্বন। তার পাঁচ দশকের কর্মজীবনে টিভি, চলচ্চিত্র, থিয়েটার ও রেডিওতে কাজ করেছেন।

চারটি বাফতা জিতেছিলেন তিনি।

সালতামামি ২০২৩

৭. হেনরি কিসিঞ্জার

আমেরিকার প্রাক্তন বিদেশমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন ৩০ নভেম্বর। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রের নিক্সন ও ফোর্ড প্রশাসনে দেশটির শীর্ষ কূটনীতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক কনসালটিং প্রতিষ্ঠান— কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের এক বিবৃতিতে জানানো হয়েছে, জার্মান বংশোদ্ভূত এই প্রাক্তন কূটনীতিক কানেক্টিকাটে তার বাড়িতে মারা গেছেন। কয়েক দশকের ক্যারিয়ারে কিসিঞ্জার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কখনো কখনো আলোচিত, সমালোচিত ও বিতর্কিতও হয়েছেন। ১৯২৩ সালে জার্মানিতে জন্ম গ্রহণ করেন তিনি। এরপর নাৎসি জার্মানি থেকে পালিয়ে পরিবারের সঙ্গে ১৯৩৮ সালে প্রথম যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

পরে ১৯৪৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এরপর তিনি দেশটির সামরিক বাহিনী ও পরে কাউন্টার ইন্টেলিজেন্সে কাজ করেন।

সালতামামি ২০২৩

৮. মিলান কুন্দেরা

‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’-এর লেখক ও বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক মিলান কুন্দেরা মারা গেছেন ১২ জুলাই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪ বছর। চরিত্রগত ব্যঙ্গ ও কাব্যিক গদ্যের মাধ্যমে কুন্দেরা ভিন্নমতের জন্য তার চেক জাতীয়তা থেকে বঞ্চিত হওয়ার নিজের অভিজ্ঞতার ওপর আঁকিয়ে জীবন সম্পর্কে যা কিছু অত্যাবশ্যক এবং অযৌক্তিক তা প্রকাশ করতে চেয়েছিলেন।

তিনি ‘আর্ট অফ দ্য নভেল’ (১৯৮৬) এ বলেছিলেন, ‘জীবন একটি ফাঁদ যা আমরা সবসময়ই জানি; আমরা না চাইতেই জন্মগ্রহণ করেছি, এমন একটি দেহে আবদ্ধ হয়েছি যা আমরা কখনই বেছে নিইনি ও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করছি।

’ কুন্দেরার জন্ম ১ এপ্রিল, ১৯২৯ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার ব্রানো শহরে। তার বাবা একজন বিখ্যাত পিয়ানোবাদক ছিলেন। তিনি প্রাগে শিক্ষাজীবন শুরু করেন এবং পরে সেখানেই তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন।

সালতামামি ২০২৩

৯. টালমাটাল পাকিস্তান

ইমরান খানের জন্য ২০২২-২০২৩ ছিল খুবই ঘটনাবহুল একটি বছর। তাকে ক্ষমতাচ্যুত করে তোশাখানা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ইমরান খানের অপসারণের পর তার প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফের ক্ষমতায় আরোহন এবং দীর্ঘদিন নির্বাসনে কাটানোর পর নওয়াজ শরীফের দেশে ফিরে এসে মুসলিম লীগের হাল ধরা দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল৷

সালতামামি ২০২৩

১০. পুনর্নির্বাচিত এরদোগান

তুরস্কে ৬ ফেব্রুয়ারি প্রলয়ংকরী ভূমিকম্প সত্ত্বেও সময় মতোই নির্বাচন হয়। ভূমিকম্পের ঠিক তিন মাসের মাথায় নির্বাচন সরকারের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। পশ্চিমা গণমাধ্যম সর্বশক্তি দিয়ে বিরোধীদের সহায়তা করে। তারা দেখানোর চেষ্টা করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাঠ উভয় পক্ষের জন্য সমান নয়। তবে মে মাসের নির্বাচনে নানা দুর্বলতা সত্ত্বেও এরদোগান পুনর্নির্বাচিত হন। ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে তিনি ৫০ শতাংশের ওপর ভোট পান। বিরোধীরা জোট বেঁধেও তার এই জয় ঠেকিয়ে দিতে পারেনি।

সালতামামি ২০২৩

১১. ২০২৩ সালে প্রযুক্তি খাতে অন্যতম আলোচনার বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা

২০২৩ সালে প্রযুক্তি খাতে অন্যতম আলোচনার বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, যার সূত্রপাত ঘটেছে জেনারেটিভ এআই ও চ্যাটজিপিটি’র মতো উদীয়মান প্রযুক্তির উত্থান থেকে। ২০২২ সালের শেষে চ্যাটজিপিটি চালু করার পর থেকেই এ প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে ব্যাপক আলোচনা দেখা গেছে। হোক সেটা কোনো দেশের পার্লামেন্ট বা টিভি সংবাদের কোনো প্রতিবেদনে। জেনারেটিভ এআই মডেল নিয়ে মানুষের আগ্রহের কথা বিবেচনায় রেখে নিজস্ব চ্যাটবট উন্মোচন করতে বা ভবিষ্যতে নিজস্ব পণ্যে এআই ব্যবহারের পরিকল্পনা জানাতে দেখা গেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোকে। অন্যদিকে, বিভিন্ন দেশে কীভাবে এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা যায়, তা নিয়ে বিতর্ক বেড়েছে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যেও।