পুবের কলম ওয়েব ডেস্কঃ ইরাকের মধ্যস্থতায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান এবং সউদি আরবের মধ্যে কূটনৈতিক আলোচনা স্থগিত হয়েছে। ইরাকের একাধিক কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন। ইরানের চলমান সরকার-বিরোধী বিক্ষোভে পশ্চিমা বিশ্বসহ সউদি আরবের উসকানি রয়েছে বলে অভিযোগ তেহরানের।
আরও পড়ুন:
ইরাকি আইনপ্রণেতা এবং সংসদীয় বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য আমের আল-ফায়েজ বলেছেন, ইরান-সউদি আলোচনা স্থগিত হয়ে গেছে এবং এটি এই অঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলবে।
ইরাকের নতুন প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি গত মাসে দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, ইরাককে সংলাপ চালিয়ে যেতে বলা হয়েছে।
এটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দুটি দেশের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছিল। গত জানুয়ারিতে ইরাকের মধ্যস্থতায় সউদি আরব এবং ইরানের মধ্যে পঞ্চম দফা আলোচনা হয়েছিল।আরও পড়ুন:
এবার ষষ্ঠ দফা আলোচনার জন্য সময়সূচি নির্ধারণ করার কথা ছিল। কিন্তু তেহরানের আধিকারিকরা সউদি কর্মকর্তাদের সাথে দেখা করতে রাজি না হওয়ার কারণে সেটি আর হচ্ছে না বলে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা। নভেম্বরে ইরাকি প্রধানমন্ত্রী আল সুদানি প্রথমবার এক সরকারি সফরে তেহরান যান। সেসময় তিনি ষষ্ঠ দফা আলোচনার সময়সূচি নির্ধারণের জন্য অনুরোধ করেছিলেন।