পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটের আগে প্রশাসনিক স্তরে আধিকারিকদের বদলি অব্যহত রাখল নির্বাচন কমিশন। রাজ্যের একাধিক ব্লকে বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও)দের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সব মিলয়ে ৮৪ জন আধিকারিককে বদলির নির্দেশ এসেছে কমিশনের পক্ষ থেকে। যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে।

নির্বাচন কমিশন সুত্রে জানা যাচ্ছে, রবিবারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জালার ১৪ জন বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসাআরকে বদলি করা হয়েছে। বাকি জেলাগুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ১১ জনকে বদলি করার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, অন্যান্য জেলাগুলির মধ্যে রয়েছে- জল্পাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম। এরমধ্যে উত্তর ২৪ পরগণায় ৭ জন, পূর্ব বর্ধমানে ৭ জন, বীরভূম ও মালদায় ৬ জন করে বিডিও, এআরওদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলীতে ৪ জন করে বিডিও, এআরওদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।  তা ছাড়াও কোচবিহার ও পুরুলিয়ায় ৩ জন করে, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে, পশ্চিম বর্ধমানে এক জন করে বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করেছে নির্বাচন কমিশন। পশ্চিম মেদিনীপুরে দুজনকে বদলি করা হয়েছে। এর পাশাপাশি, রবিবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বিধানসভায় ৪ রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। এছাড়া,দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভবানীপুর, নন্দীগ্রাম-সহ রাজ্যের ১৭০ থানার ওসিকে।