দেবশ্রী মজুমদার, বোলপুর: নৃশংসভাবে  সিপিআইএম কর্মীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নানুর থানা বালিগুনি গ্রামে।  মৃতের নাম বাদল শেখ (৭২)।  এদিন গুরুতর আহত অবস্থায় বাদল শেখকে হাসপাতাল নিয়ে আসতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে  মৃতের পরিবারের পক্ষ থেকে।

জানা গেছে,  'ঐতিহাসিক নভেম্বর বিপ্লবে'র স্মরণে গ্রামে দলীয় পতাকা টাঙানো চলছিল। অভিযোগ,  রবিবারের ঘটনার জেরে ঘটনার আজ সকালে বাদল শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ব্যাপকভাবে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মৃতের স্ত্রী জনেরা বিবির অভিযোগ, 'বেলা ১০টার সময় ওকে সবাই পেটালো।  হাসপাতাল নিয়ে আসতে দেয় নাই ওই শাসক দলের দুষ্কৃতীরা। বিকালে হাসপাতাল নিয়ে এলাম।

আশঙ্কাজনক অবস্থা তৈরি হলে গ্রামের কিছু মানুষের সহযোগিতায় বাদল শেখকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও হাসপাতাল নিয়ে আসার পথেই মৃত্যু হয় তাঁর।

যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত ভট্টাচার্য বলেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে ।”