পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গে আসন্ন নির্বাচনকে ঘিরে ফের পুলিশের রদবদল করল নির্বাচন কমিশন। ভাঙড় ও পোলেরহাটের পর এবার ওসি বদল হল বিজয়গঞ্জ বাজার থানায়। মাত্র চল্লিশ দিনের মধ্যেই দায়িত্ব থেকে সরানো হয়েছে ওসি অংশুমান রায়কে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তাঁর জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন মনিশ সিং। রবিবার থেকেই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।
একই নির্দেশিকায় শহরের আরও কয়েকটি থানায় ওসি পদে বদল আনা হয়েছে। রাজকুমার মিশ্রকে গড়িয়াহাট থানার ওসি করা হয়েছে। মনোজ দত্ত পেয়েছেন চেতলা থানার দায়িত্ব। অন্যদিকে নীলকান্ত রায়কে পার্কস্ট্রিট থানার ওসি পদে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, সম্প্রতি বিজয়গঞ্জ বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল।
এলাকায় ধারাবাহিকভাবে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে। এমনকি বিস্ফোরণে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে এনআইএ। ভোটের আগে এই পরিস্থিতিতে ওসি বদল হওয়ায় প্রশাসনিক মহলে জল্পনা তৈরি হয়েছে।আরও পড়ুন:
এর আগেও শহরের কয়েকটি থানায় রদবদল হয়েছে।
হেয়ার স্ট্রিট এবং ঠাকুরপুকুর থানার ওসি পদে পারস্পরিক বদলি করা হয়েছে। বর্তমানে হেয়ার স্ট্রিটের দায়িত্বে থাকা লোপস্যাং তেরসিং ভুটিয়া এবং ঠাকুরপুকুর থানার ওসি রাজীব সাহুর মধ্যে এই বদলি কার্যকর করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক বিভাগে কর্মরত প্রশান্ত মজুমদারের আগের বদলির নির্দেশও বাতিল করা হয়েছে। তাঁকে আপাতত আগের বিভাগেই বহাল রাখা হয়েছে। নতুন নির্দেশিকায় ২৯ মার্চ জারি হওয়া ১৭৪ ও ১৭৫ নম্বর প্রশাসনিক আদেশেও আংশিক সংশোধন আনা হয়েছে বলে জানা গিয়েছে।