পুবের কলম ওয়েবডেস্কঃ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নেমে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলী মৈত্র। তাঁর অভিযোগ, বিজেপি এমন একটি রাজনৈতিক দল যারা নারীদের প্রতি সম্মান দেখাতে জানে না। তিনি দাবি করেন, বাংলার মহিলারা এ বিষয়ে যথেষ্ট সচেতন এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বারবার সামনে এসেছে।

প্রচারের মঞ্চ থেকে তিনি আরও বলেন, বাংলার প্রথম মহিলা মুখ্য সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনাও প্রমাণ করে যে নারীদের প্রতি বিজেপির দৃষ্টিভঙ্গি কী ধরনের।

এই প্রসঙ্গ তুলে ধরে তিনি বিজেপির নীতির কড়া সমালোচনা করেন। এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও কটাক্ষ করতে শোনা যায় তৃণমূল প্রার্থীকে। তাঁর কথায়, ভোটের সময় এলেই হেলিকপ্টার বা বন্দে ভারত ট্রেনে চেপে বিজেপির নেতারা বাংলায় হাজির হন। তবে তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর এই বাংলায় এলে যে কারও ভালো লাগবে— সেটাই স্বাভাবিক।

বুধবার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে রাজপুর এলাকায় ব্যাপক প্রচার চালান লাভলী মৈত্র। গাজীপুর থেকে হরিনাভি পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পথচলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও সরাসরি মতবিনিময় করেন তৃণমূল প্রার্থী। প্রচারের শেষে লাভলী মৈত্র দাবি করেন, এবারের নির্বাচনে সোনারপুর দক্ষিণসহ গোটা বাংলাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষে জনসমর্থনের স্পষ্ট স্রোত দেখা যাচ্ছে। উন্নয়নের প্রশ্নে মানুষ আবারও তৃণমূলকেই সমর্থন জানাবেন বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।