পুবের কলম ওয়েব ডেস্কঃ শেষ দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। পুনর্নির্বাচনেও হেনস্থার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, ডায়মন্ড হারবার কেন্দ্রের ১৭৯ নম্বর বুথে বিশেষভাবে সক্ষম এক ভোটার এবং তাঁর মাকে হেনস্থা করেছে কেন্দ্রীয় বাহিনী। এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বুথের অদুরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা।
ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয়।আরও পড়ুন:
অভিযোগ উঠেছে, আজ শনিবার সকালে ওই বিশেষভাবে সক্ষম ভোটার ভোট দিতে গেলে তাঁর মা-ও সহায়তার জন্য তাঁর সঙ্গে যান। সেই সময় কেন্দ্রীয় বাহিনী ওই ভোটার ও তাঁর মাকে দীর্ঘক্ষণ আটকে রাখে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নিয়ম লঙ্ঘন করেছে। খবর পেয়ে সেখানে পৌঁছন তৃণমূলের নেতা নেত্রীরা।
সেখানে গিয়ে তাঁরা প্রতিবাদ জানান। তাঁদের নেতৃত্বে স্থানীয় মানুষজনও বিক্ষোভ দেখান বলে খবর পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার দুই বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে শনিবার চলছে পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে সকাল ৭ টা থেকেই ভোটদান চলছে। গোটা প্রক্রিয়ায় মোতায়েন রয়েছে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যদিও এখনও পর্যন্ত কোথাও কোনও অশান্তির খবর মেলেনি। দুপুর একটা পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে রয়েছে মগরাহাট পশ্চিম। সেখানে ভোট পড়েছে ৫৬.৩৩ শতাংশ। অন্যদিকে ডায়মন্ড হারবারে ভোটদানের হার ৫৪.৯ শতাংশ। সব মিলিয়ে দুই কেন্দ্রের গড় ভোটের হার দাঁড়িয়েছে ৫৫.৫৭ শতাংশ। প্রথম দফার নির্বাচনে পুনর্ভোটের দাবি না উঠলেও দ্বিতীয় দফার ভোট শেষ হতেই একাধিক বুথে অনিয়মের অভিযোগ সামনে আসে। মোট ৭৭টি বুথে ফের ভোটগ্রহণের দাবি জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে।