পুবের কলম ওয়েব ডেস্কঃ মুর্শিদাবাদের ফরাক্কা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মেহতাব শেখের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল এসআইআর ট্রাইবুনাল। এই ট্রাইবুনাল গঠনের পর এটিই প্রথম গুরুত্বপূর্ণ রায়। এসআইআর যাচাই প্রক্রিয়ার সময় তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়। ফলে তিনি প্রার্থী হয়েও মনোনয়নপত্র জমা দিতে পারছিলেন না।
শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে ট্রাইবুনালের দ্বারস্থ হন মেহতাব। শুনানির পর ট্রাইবুনাল জানায়, তাঁর নাম আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।আরও পড়ুন:
এর আগে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই সময় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় ছিল।
পরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারবিভাগীয় আধিকারিকেরা ধাপে ধাপে ওই ভোটারদের তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার কাজ শুরু করেন। যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাঁদের ট্রাইবুনালে আবেদন করার সুযোগও দেওয়া হয়। এই সুযোগের ভিত্তিতেই নিজের নাম বাদ যাওয়ার বিরুদ্ধে আবেদন করেন ফরাক্কার কংগ্রেস প্রার্থী। সল্টলেকের বিজন ভবনে ট্রাইবুনালের বেঞ্চে তাঁর মামলার শুনানি হয়। বেঞ্চের নেতৃত্বে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।আরও পড়ুন:
শুনানিতে মেহতাব শেখ জানান, তাঁর আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং সন্তানের জন্ম সার্টিফিকেট সব সরকারি নথিতেই তাঁর নাম মেহতাব শেখ হিসেবে রয়েছে। কিন্তু ভোটার তালিকায় ভুলবশত তাঁর নাম লেখা হয়েছিল ‘শেখ মহতাফেরুল। এই নামের অসঙ্গতির কারণেই তালিকা থেকে নাম বাদ পড়ে যায় বলে দাবি করা হয়। আবেদনকারীর পক্ষে ট্রাইবুনালে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম এবং গোপা বিশ্বাস। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী দিব্যা মুরুগেসান। শুনানি শেষে ট্রাইবুনাল নির্দেশ দেয়, আবেদনকারীর নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।