পুবের কলম, ওয়েবডেস্ক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে গিয়েই তীব্র রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে পোস্ট করে নাম না করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মমতা তাঁর বার্তায় লেখেন, একদল মানুষ সস্তা রাজনীতির স্বার্থে বাংলার মনীষীদের অপব্যবহার করছে এবং তাঁদের নাম বিকৃত করার চেষ্টা চালাচ্ছে। তাঁর অভিযোগ, যাঁরা বাংলার ইতিহাস সম্পর্কে অজ্ঞ, তাঁরাই এমন ধৃষ্টতা দেখাতে পারেন। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলার মনীষীরা বাঙালির গর্ব ও আবেগের উৎস— তাঁদের অসম্মান করলে বাংলার মানুষই তার জবাব দেবে।


 
এই পোস্টে তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-কে শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত এবং আধুনিক বাংলা সাহিত্যের পথপ্রদর্শক। তাঁর লেখনী পরাধীন ভারতকে নতুন চেতনা দিয়েছিল বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মমতার এই মন্তব্যের জবাবে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার পাল্টা কটাক্ষ করেন। তাঁর দাবি, গত দেড় দশকে কারা বাংলার মানুষের ক্ষতি করেছে, তা মানুষ ভালো করেই জানে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে মানুষ পরিবর্তন চাইছে।

 
প্রসঙ্গত, এর আগে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বন্দে মাতরম’-এর স্রষ্টাকে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করেছিলেন। সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। তৃণমূলের তরফে অভিযোগ ওঠে, এতে বাঙালির ভাবাবেগে আঘাত লেগেছে। সংসদেই সেই মন্তব্যের বিরোধিতা করেন সাংসদ সৌগত রায়। সেই বিতর্কের আবহেই এবার আরও একবার বাংলার ঐতিহ্য ও মনীষীদের মর্যাদা রক্ষার প্রশ্ন তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী।