পুবের কলম ওয়েব ডেস্কঃ অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপির পাল্লা ভারী হলেও তৃণমূলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস ২০০ এর উপরে আসনে জিতবে। এর পাশাপাশি গণনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে গণনা কেন্দ্রে এজেন্টদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী সোমবার ভোট গণনা তার আগে আজ শনিবার তৃণমূলের এজেন্টদের সঙ্গে বৈঠক করেন মমতা।
সেখানেই তিনি এই বার্তা দেন।আরও পড়ুন:
এদিনের ভার্চুয়াল বৈঠকে ছিলেন ২৯৪ টি কেন্দ্রের কাউন্টিং এজেন্ট। প্রায় তিন ঘণ্টা ধরে তিনি তাঁদের সঙ্গে বৈঠক করেন। আগামী সোমবার সকাল ৮ টা থেকেই শুরু হবে গণনা।
এদিনের বৈঠকে এজেন্টদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বলেন, কোথাও জয়ের ব্যবধান কম হলে পুনর্গণনার দাবি তুলতে হবে। মমতার আশঙ্কা সেক্ষেত্রে গ্ণনায় গড়মিল করা হতে পারে। তাই অবিলম্বে এই দাবি জানাতে হবে। এছাড়াও এজেন্টদের তিনি নির্দেশ দিয়েছেন, গণনা শেষ না হওয়া পর্যন্ত তাঁরা গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে না যান। এদিনের বৈঠকে এজেন্ট ছাড়াও ছিলেন সব কেন্দ্রের প্রার্থী ও গুরুত্বপূর্ণ নেতারা।আরও পড়ুন:
মমতা বলেন, বুথ ফেরত সমীক্ষা হল বিজেপির ন্যারেটিভ। শেয়ার বাজার চাঙ্গা করার জন্য এটা হল বিজেপির কৌশল। তিনি গত বিধানসভা ও লোকসভা ভোটের কোথা মনে করিয়ে জানান, একইভাবে ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও এই পন্থা অবলম্বন করা হয়েছিল। এদিনের বৈঠক থেকেই দলের নেতা কর্মীদের বড় আশ্বাস দেন মমতা। তিনি বলেন, ভোটে যারা কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করেছে তাদের পুরস্কৃত করা হবে। এদিনের বৈঠকে অভিষেকও একইভাবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন।