পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে যখন রাজ্যজুড়ে উদ্বেগ ও বিক্ষোভ বাড়ছে, ঠিক তখনই স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়ে দিয়েছে, নাম বাদ পড়লে কীভাবে ট্রাইবুনালে আবেদন করতে হবে এবং সেই আবেদন কীভাবে নিষ্পত্তি হবে।
কমিশনের মতে, শুধুমাত্র সেই সমস্ত ভোটাররাই আবেদন করতে পারবেন, যাঁরা আগে ‘বিবেচনাধীন’ তালিকায় ছিলেন এবং পরবর্তী তালিকায় তাঁদের নাম বাদ পড়েছে। অর্থাৎ, নতুন করে নাম তোলার জন্য এই পদ্ধতি ব্যবহার করা যাবে না।
আবেদন করা যাবে দুইভাবে— অনলাইন এবং অফলাইন। অনলাইনে নির্দিষ্ট পোর্টালে গিয়ে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। সেখানে নিজের নাম ফের অন্তর্ভুক্ত করার পাশাপাশি অন্য কারও নাম নিয়ে আপত্তিও জানানো সম্ভব। অফলাইনে আবেদন করতে হলে জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে লিখিত আকারে জমা দিতে হবে আবেদনপত্র। সেই আবেদনে নিজের ভোটার পরিচয়পত্রের নম্বর উল্লেখ বাধ্যতামূলক। পরে প্রশাসনের পক্ষ থেকেই সেই আবেদন ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করা হবে।
এই সমস্ত আবেদন নিষ্পত্তির দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের উপর। Representation of the People Act, 1950 অনুযায়ী এবং নির্ধারিত নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট-এর নির্দেশে বর্তমানে বিবেচনাধীন ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ চলছে, যার তদারকি করছে কলকাতা হাই কোর্ট। ইতিমধ্যেই কয়েক দফায় অতিরিক্ত তালিকা প্রকাশ হয়েছে এবং লক্ষ লক্ষ নামের নিষ্পত্তিও হয়েছে।