পুবের কলম ওয়েবডেস্কঃ আসন্ন নির্বাচন ঘিরে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তৎপর হল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে কমিশন। এবার ভোটমুখী অসম ও পশ্চিমবঙ্গের শীর্ষ কর্তা ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে ইসি। আন্তঃরাজ্য সীমানা নিয়ে এই বৈঠকে ডাকা হয়েছে, দুই রাজ্যের মুখ্যসচিব, পুলিশের ডিজি, পুলিশের নোডাল অফিসারদের।

 

ভোটের সময় যেন কোনভাবেই বহিরাগত ঢুকতে না পারে তার জন্য এই সমস্ত রাজ্যগুলির সীমানায় বাড়তি নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে কমিশন সুত্রের খবর। উল্লেখ্য, এই দুই রাজ্যের সীমানায় রয়েছে অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম, ত্রিপুরা প্রভৃতি রাজ্য। অতীতে দেখা গিয়েছে, ভোটের সময় ভিন রাজ্য থেকে সীমান্তবর্তী জেলাগুলিতে অবৈধ অস্ত্র, অর্থ বা দুষ্কৃতিরা অসম বা বাংলায় প্রবেশ করেছে। তার পুবরাবৃত্তি এড়াতেই নিরাপত্তা বাড়াতে এই বৈঠক বলে নির্বাচন কমিশন সুত্রের খবর।

বৈঠকে এই দুটি রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে নিরপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। 

প্রসঙ্গত, গতকালই উত্তরবঙ্গের বক্সিরহাট থাকা এলাকা থেকে নাকা চেকিংয়ের সময় কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় ৩ জনকে আটক করা হয়। যার মধ্যে একজন অসমের বাসিন্দা। এছাড়া, নিউটাউনেও টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতিতে এবার আরও তৎপর হতে চলেছে নির্বাচন কমিশন।