পুবের কলম ওয়েবডেস্কঃ টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, জলে নেমে তলিয়ে যাওয়ার ফলে তাঁর মৃত্যু হয়েছে।

এদিন এই খবর পাওয়ার পরেই নিজের এক্স হ্যান্ডেলে মমতা শোক প্রকাশ করে লেখেন, "বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত।

কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। ​ তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের কাজের জন্য দল নিয়ে তালসারিতে গিয়েছিলেন রাহুল। শুটিং শেষের পর তিনি জলে নামেন বলে জানা যায়। কিছুক্ষণ পরে দেখা যায়, তিনি আর ভেসে উঠছেন না। গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে উপস্থিত কর্মীরা উদ্ধার করতে ছুটে যান। অনেকটা সময় জলের নিচে থাকার পর তাঁকে তুলে আনা হয়। গুরুতর অবস্থায় তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।