পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গে প্রথম দফার ভোট মিটেছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই মিটেছে প্রথম পর্বের ভোট। আর সর্বকালীন রেকর্ড ছাপিয়ে গিয়েছে বঙ্গে ভোট দানের হার, প্রায় ৯২ শতাংশ। এরইমধ্যে ভোট পরবর্তী কিছু নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। মূলত বুথের ভিডিও ডেটা এবং ক্যামেরা সংক্রান্ত তথ্য নিয়ে এই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
আজ বিকেলে নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর সেক্টর অফিসার তাঁর আওতাধীন ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করবেন এবং ইভিএম ও অন্যান্য নথিপত্র সিল করার কাজে ভোটগ্রহণকারী দলকে প্রয়োজনীয় নির্দেশ দেবে। আরও বলা হয়েছে, প্রিসাইডিং অফিসার এবং তাঁর দল যখন আনুষ্ঠানিকভাবে ভোটকেন্দ্র বন্ধ করতে ব্যস্ত থাকবেন, তখন ক্যামেরা টেকনিশিয়ানরা সেক্টর অফিসারের উপস্থিতিতে ক্যামেরাগুলো খুলে নেবেন। নির্দেশিকা অনুযায়ী, টেকনিশিয়ান ক্যামেরা থেকে মাইক্রো এসডি কার্ডটি বের করবেন না, বরং তিনি শুধু ক্যামেরাটি খুলবেন। সেটি খোলার পর সেক্টর অফিসারের কাছে হস্তান্তর করতে হবে। আরও বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেক্টর অফিসার ও ক্যামেরা টেকনিশিয়ান ভোটকেন্দ্রে পৌঁছবেন ততক্ষণ পর্যন্ত ভোটগ্রহণকারী দল এবং বিএলওরা ভোটকেন্দ্রে থাকবেন।
শুধু তাই নয়, ভোটকেন্দ্রের ভেতরের ও বাইরের সকল ক্যামেরা সম্পূর্ণরূপে অপসারণ না হওয়া পর্যন্ত তাঁরা ভোটকেন্দ্রেই থাকবেন। কোনো অবস্থাতেই ক্যামেরা অপসারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে ভোটগ্রহণকারী দলের কোনো সদস্য বা কোনো বিএলও ভোটকেন্দ্র ত্যাগ করতে পারবেন না।আরও পড়ুন:
মাইক্রো-এসডি কার্ড কীভাবে সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে? সেবিষয়েও স্পষ্ট জানানো হয়েছে নির্দেশিকায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রিসিভিং সেন্টারে ভোট-পরবর্তী ক্যামেরা সংগ্রহের জন্য অন্তত দুটি সুনির্দিষ্ট কাউন্টার তৈরি করতে হবে।
এই কাউন্টারগুলোতে সংশ্লিষ্ট এজেন্সির একজন টেকনিশিয়ান এবং একজন এআরও দায়িত্ব পালন করবেন। ক্যামেরাটি এজেন্সির টেকনিশিয়ানের কাছে হস্তান্তর করতে হবে। আরও বলা হয়েছে, তিনি এআরও-এর উপস্থিতিতে ক্যামেরা থেকে এসডি কার্ডটি বের করবেন এবং সেটি এআরও-এর কাছে হস্তান্তর করবেন। এজেন্সির টেকনিশিয়ানরা এই সমস্ত কার্ডের তথ্য একটি ডিজিটাল স্টোরেজে কপি বা প্রতিলিপি করবেন। পরবর্তীতে সেই ডিজিটাল স্টোরেজটি নিরাপদ সংরক্ষণ ও পর্যালোচনার উদ্দেশ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে হস্তান্তর করা হবে। ভোট শেষের পর বুথে ক্যামেরার এসডি কার্ড খোলা যাবে না। শুধুমাত্র ক্যামেরা খুলে সেক্টর অফিসারের তত্ত্বাবধানে রাখতে হবে। এসডি কার্ড খোলা হবে ডিসিআরসি কেন্দ্রে এআরও এর উপস্থিতিতে।